গতি কবিতা [ gati kobita ] টি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর সোনার তরী –কাব্যগ্রন্থের অংশ।
কাব্যগ্রন্থের নামঃ সোনার তরী
কবিতার নামঃ গতি
গতি কবিতা । gati Kobita | সোনার তরী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
জানি আমি সুখে দুঃখে হাসি ও ক্রন্দনে
পরিপূর্ণ এ জীবন, কঠোর বন্ধনে
ক্ষতচিহ্ন পড়ে যায় গ্রন্থিতে গ্রন্থিতে,
জানি আমি, সংসারের সমুদ্র মন্থিতে
কারো ভাগ্যে সুধা ওঠে, কারো হলাহল।
জানি না কেন এ সব, কোন্ ফলাফল
আছে এই বিশ্বব্যাপী কর্মশৃঙ্খলার।
জানি না কী হবে পরে, সবি অন্ধকার
আদি অন্ত এ সংসারে– নিখিল দুঃখের
অন্ত আছে কি না আছে, সুখ-বুভুক্ষের
মিটে কি না চির-আশা। পণ্ডিতের দ্বারে
চাহি না এ জনমরহস্য জানিবারে।
চাহি না ছিঁড়িতে একা বিশ্বব্যাপী ডোর,
লক্ষ কোটি প্রাণী-সাথে এক গ-তি মোর।
