সব পেয়েছির দেশ
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : খেয়া [ ১৯০৬ ]
কবিতার শিরনামঃ সব পেয়েছির দেশ
সব পেয়েছির দেশ sob peyechhir desh [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
সব-পেয়েছি’র-দেশে কারো
নাই রে কোঠাবাড়ি–
দুয়ার খোলা পড়ে আছে,
কোথায় গেল দ্বারী।
অশ্বশালায় অশ্ব কোথায়,
হস্তীশালায় হাতি,
স্ফটিকদীপে গন্ধতৈলে
জ্বালায় না কেউ বাতি।
রমণীরা মোতির সিঁথি
পরে না কেউ কেশে,
দেউলে নেই সোনার চূড়া
সব-পেয়েছি’র-দেশে।
পথের ধারে ঘাস উঠেছে
গাছের ছায়াতলে,
স্বচ্ছতরল স্রোতের ধারা
পাশ দিয়ে তার চলে।
কুটিরেতে বেড়ার ‘পরে
দোলে ঝুমকা-লতা,
সকাল হতে মৌমাছিদের
ব্যস্ত ব্যাকুলতা।
ভোরের বেলা পথিকেরা
কী কাজে যায় হেসে,
সাঁজে ফেরে বিনা-বেতন
সব-পেয়েছি’র-দেশে।
আঙিনাতে দুপুরবেলা
মৃদুকরুণ গেয়ে
বকুলতলার ছায়ায় ব’সে
চরকা কাটে মেয়ে।
মাঠে মাঠে ঢেউ দিয়েছে
নতুন কচি ধানে–
কিসের গন্ধ, কাহার বাঁশি
হঠাৎ আসে প্রাণে।
নীল আকাশের হৃদয়খানি
সবুজ বনে মেশে,
যে চলে সেই গান গেয়ে যায়
সব-পেয়েছি’র-দেশে।
সদাগরের নৌকা যত
চলে নদীর ‘পরে–
হেথায় ঘাটে বাঁধে না কেউ
কেনাবেচার তরে।
সৈন্যদলে উড়িয়ে ধ্বজা
কাঁপিয়ে চলে পথ–
হেথায় কভু নহি থামে
মহারাজের রথ।
এক রজনীর তরে হেথা
দূরের পান্থ এসে
দেখতে না পায় কী আছে এই
সব-পেয়েছি’রদেশে।
নাইকো পথে ঠেলাঠেলি,
নাইকো হাটে গোল–
ওরে কবি, এইখানে তোর
কুটিরখানি তোল্।
ধুয়ে ফেল্ রে পথের ধুলো
নামিয়ে দে রে বোঝা–
বেঁধে নে তোর সেতারখানা,
রেখে দে তোর খোঁজা।
পা ছড়িয়ে বোস্ রে হেথায়
সারা দিনের শেষে
তারায়-ভরা আকাশ-তলে
সব-পেয়েছি’র-দেশে।
![সব পেয়েছির দেশ sob peyechhir desh [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 Amar Rabindranath Logo](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/09/Amar-Rabindranath-Logo-e1649308436976-300x240.jpeg)
![সব পেয়েছির দেশ sob peyechhir desh [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 1 সব পেয়েছির দেশ sob peyechhir desh [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/সব-পেয়েছির-দেশ-sob-peyechhir-desh-কবিতা-.gif)