স্বার্থ কবিতাটি [ swartho kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর চৈতালী-কাব্যগ্রন্থের অংশ। এটি আশ্বিন, ১৩০৩ (১৮৯৬ খ্রীস্টাব্দ) বঙ্গাব্দে প্রকাশিত হয়। এতে সর্বমোট ৭৮টি কবিতা রয়েছে। এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার “চিত্রা-চৈতালি পর্ব”-এর অন্তর্গত একটি উল্লেখযোগ্য সৃষ্টি।
কাব্যগ্রন্থের নামঃ চৈতালী
কবিতার নামঃ স্বার্থ
স্বার্থ কবিতা । swartho kobita । চৈতালী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
কে রে তুই, ওরে স্বা-র্থ, তুই কতটুকু,
তোর স্পর্শে ঢেকে যায় ব্রহ্মান্ডের মুখ,
লুকায় অনন্ত সত্য–স্নেহ সখ্য প্রীতি
মুহূর্তে ধারণ করে নির্লজ্জ বিকৃতি,
থেমে যায় সৌন্দর্যের গীতি চিরন্তন
তোর তুচ্ছ পরিহাসে। ওগো বন্ধুগণ,
সব স্বা-র্থ পূর্ণ হোক। ক্ষুদ্রতম কণা
ভান্ডারে টানিয়া আনো–কিছু ত্যজিয়ো না।
আমি লইলাম বাছি চিরপ্রেমখানি,
জাগিছে যাহার মুখে অনন্তর বাণী
অমৃতে অশ্রুতে মাখা। মোর তরে থাক্
পরিহাস্য পুরাতন বিশ্বাস নির্বাক্।
থাক্ মহাবিশ্ব, থাক্ হৃদয়-আসীনা
অন্তরের মাঝখানে যে বাজায় বীণা।
