আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

সুখের স্মৃতি sukher smriti [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

সুখের স্মৃতি

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : ছবি ও গান 

কবিতার শিরনামঃ সুখের স্মৃতি

সুখের স্মৃতি sukher smriti [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

চেয়ে আছে আকাশের পানে

  জোছনায় আঁচলটি পেতে,

যত আলো ছিল সে চাঁদের

  সব যেন পড়েছে মুখেতে।

মুখে যেন গলে পড়ে চাঁদ,

  চোখে যেন পড়িছে ঘুমিয়ে,

সুকোমল শিথিল আঁচলে

  পড়ে আছে আরামে চুমিয়ে।

একটি মৃণাল-করে মাথা,

  আরেকটি পড়ে আছে বুকে,

বাতাসটি বহে গিয়ে গায়

  শিহরি উঠিছে অতি সুখে।

হেলে হেলে নুয়ে নুয়ে লতা

  বাতাসেতে পায়ে এসে পড়ে,

বিস্ময়ে মুখের পানে চেয়ে

  ফুলগুলি দুলে দুলে নড়ে।

অতি দূরে বাজে ধীরে বাঁশি,

অতি সুখে পরান উদাসী,

অধরেতে স্খলিতচরণা

  মদিরহিল্লোলময়ী হাসি।

কে যেন রে চুমো খেয়ে তারে

  চলে গেছে এই কিছু আগে;

চুমোটিরে বাঁধি ফুলহারে

অধরেতে হাসির মাঝারে,

চুমোতে চাঁদের চুমো দিয়ে

  রেখেছে রে যতনে সোহাগে।

তাই সেই চুমোটিরে ঘিরে

  হাসিগুলি সারা রাত জাগে।

কে যেন রে বসে তার কাছে

গুন গুন করে বলে গেছে

  মধুমাখা বাণী কানে কানে।

পরানের কুসুমকারায়

কথাগুলি উড়িয়ে বেড়ায়,

  বাহিরিতে পথ নাহি জানে।

অতি দূর বাঁশরির গানে

  সে বাণী জড়িয়ে যেন গেছে,

অবিরত স্বপনের মতো

  ঘুরিয়ে বেড়ায় কাছে কাছে।

 

মুখে নিয়ে সেই কথা ক’টি

খেলা করে উলটি, পালটি,

আপনি আপন বাণী শুনে

  শরমে সুখেতে হয় সারা।

কার মুখ পড়ে তার মনে,

কার হাসি লাগিছে নয়নে,

স্মৃতির মধুর ফুলবনে

  কোথায় হয়েছে পথহারা!

চেয়ে তাই সুনীল আকাশে

মুখেতে চাঁদের আলো ভাসে,

অবসান-গান আশেপাশে

  ভ্রমে যেন ভ্রমরের পারা।

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত