আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

শুরু হতেই ও আমার shurhu hotei o amar [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

শুরু হতেই ও আমার

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : শেষ সপ্তক [ ১৯৩৫  ]

কবিতার শিরনামঃ শুরু হতেই ও আমার

শুরু হতেই ও আমার shurhu hotei o amar [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

শুরু হতেই ও আমার সঙ্গ ধরেছে,

ঐ একটা অনেক কালের বুড়ো,

আমাতে মিশিয়ে আছে এক হয়ে।

আজ আমি ওকে জানাচ্ছি–

পৃথক হব আমরা।

ও এসেছে কতলক্ষ পূর্বপুরুষের

রক্তের প্রবাহ বেয়ে;

কত যুগের ক্ষুধা ওর, কত তৃষ্ণা;

সে সব বেদনা বহু দিনরাত্রিকে মথিত করেছে

সুদীর্ঘ ধারাবাহী অতীতকালে;

তাই নিয়ে ও অধিকার ক’রে বসল

নবজাত প্রাণের এই বাহনকে,

ঐ প্রাচীন, ঐ কাঙাল।

আকাশবাণী আসে ঊর্ধ্বলোক হতে,

ওর কোলাহলে সে যায় আবিল হয়ে।

নৈবেদ্য সাজাই পূজার থালায়,

ও হাত বাড়িয়ে নেয় নিজে।

জীর্ণ করে ওকে দিনে দিনে পলে পলে,

বাসনার দহনে,

ওর জরা দিয়ে আচ্ছন্ন করে আমাকে

যে-আমি জরাহীন।

মুহূর্তে মুহূর্তে ও জিতে নিয়েছে আমার মমতা,

তাই ওকে যখন মরণে ধরে

ভয় লাগে আমার

যে-আমি মৃত্যুহীন।

আমি আজ পৃথক হব।

ও থাক্‌ ঐ খানে দ্বারের বাহিরে,

ঐ বৃদ্ধ, ঐ বুভুক্ষু।

 

ও ভিক্ষা করুক, ভোগ করুক,

তালি দিক্‌ বসে বসে

ওর ছেঁড়া চাদরখানাতে;

জন্মমরণের মাঝখানটাতে

যে আল-বাঁধা খেতটুকু আছে

সেইখানে করুক উঞ্ছবৃত্তি।

আমি দেখব ওকে জানলায় ব’সে,

ঐ দূরপথের পথিককে,

দীর্ঘকাল ধরে যে এসেছে

বহু দেহমনের নানা পথের বাঁকে বাঁকে

মৃত্যুর নানা খেয়া পার হয়ে।

উপরের তলায় বসে দেখব ওকে

ওর নানা খেয়ালের আবেশে,

আশা-নৈরাশ্যের ওঠা-পড়ায় সুখদুঃখের আলো-আঁধারে।

দেখব যেমন করে পুতুলনাচ দেখে;

হাসব মনে মনে।

মুক্ত আমি, স্বচ্ছ আমি, স্বতন্ত্র আমি,

নিত্যকালের আলো আমি,

সৃষ্টি-উৎসের আনন্দধারা আমি,

অকিঞ্চন আমি,

আমার কোনো কিছুই নেই

অহংকারের প্রাচীরে ঘেরা।

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত