আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

প্রেমের সোনা premer sona [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

প্রেমের সোনা

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : পুনশ্চ [ ১৯৩২ ]

কবিতার শিরনামঃ প্রেমের সোনা

প্রেমের সোনা premer sona [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

রবিদাস চামার ঝাঁট দেয় ধুলো।

    সজন রাজপথ বিজন তার কাছে,

        পথিকেরা চলে তার স্পর্শ বাঁচিয়ে।

গুরু রামানন্দ প্রাতঃস্নান সেরে

           চলেছেন দেবালয়ের পথে,

দূর থেকে রবিদাস প্রণাম করল তাঁকে,

        ধুলায় ঠেকালো মাথা।

    রামানন্দ শুধালেন, “বন্ধু, কে তুমি।’

উত্তর পেলেন, “আমি শুক্‌নো ধুলো–

    প্রভু, তুমি আকাশের মেঘ,

           ঝরে যদি তোমার প্রেমের ধারা

        গান গেয়ে উঠবে বোবা ধুলো

               রঙ-বেরঙের ফুলে।’

    রামানন্দ নিলেন তাকে বুকে,

               দিলেন তাকে প্রেম।

      রবিদাসের প্রাণের কুঞ্জবনে

               লাগল যেন গীতবসন্তের হাওয়া।

চিতোরের রাণী, ঝালি তাঁর নাম।

        গান পৌঁছল কানে,

    তাঁর মন করে দিল উদাস!

        ঘরের কাজে মাঝে মাঝে

           দু চোখ দিয়ে জল পড়ে ঝ’রে।

        মান গেল তাঁর কোথায় ভেসে।

           রবিদাস চামারের কাছে

        হরিপ্রেমের দীক্ষা নিলেন রাজরানী।

           স্মৃতিশিরোমণি

               রাজকুলের বৃদ্ধ পুরোহিত

বললে, “ধিক্‌ মহারানী, ধিক্‌।

                   জাতিতে অন্ত্যজ রবিদাস,

               ফেরে পথে পথে, ঝাঁট দেয় ধুলো,

                   তাকে তুমি প্রণাম করলে গুরু ব’লে–

                       ব্রাহ্মণের হেঁট হল মাথা

                           এ রাজ্যে তোমার।’

 

রানী বললেন, “ঠাকুর, শোনো তবে,

        আচারের হাজার গ্রন্থি

    দিনরাত্রি বাঁধ কেবল শক্ত করে–

           প্রেমের সোনা কখন পড়ল খসে

               জানতে পার নি তা।

        আমার ধুলোমাখা গুরু

               ধুলোর থেকে কুড়িয়ে পেয়েছে।

    অর্থহারা বাঁধনগুলোর গর্বে, ঠাকুর,

               থাকো তুমি কঠিন হয়ে।

    আমি সোনার কাঙালিনী

               ধুলোর সে দান নিলেম মাথায় করে।’

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত