আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

স্মৃতি smriti [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

স্মৃতি

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : পুনশ্চ [ ১৯৩২ ]

কবিতার শিরনামঃ স্মৃতি

স্মৃতি smriti [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

পশ্চিমে শহর।

         তারি দূর কিনারায় নির্জনে

      দিনের তাপ আগলে আছে একটা অনাদৃত বাড়ি,

         চারি দিকে চাল পড়েছে ঝুঁকে।

ঘরগুলোর মধ্যে চিরকালের ছায়া উপুড় হয়ে পড়ে,

      আর চিরবন্দী পুরাতনের একটা গন্ধ।

             মেঝের উপর হলদে জাজিম,

      ধারে ধারে ছাপ-দেওয়া বন্দুক-ধারী বাঘ-মারা শিকারীর মূর্তি।

         উত্তর দিকে সিসুগাছের তলা দিয়ে

             চলেছে সাদা মাটির রাস্তা, উড়ছে ধুলো

                 খররৌদ্রের গায়ে হালকা উড়নির মতো।

সামনের চরে গম অড়র ফুটি তরমুজের খেত,

         দূরে ঝক্‌মক্‌ করছে গঙ্গা,

             তার মাঝে মাঝে গুণ-টানা নৌকো

                     কালির আঁচড়ে আঁকা ছবি যেন।

বারান্দায় রুপোর-কাঁকন-পরা ভজিয়া

             গম ভাঙছে জাঁতায়,

                 গান গাইছে একঘেয়ে সুরে,

গির্‌ধারী দারোয়ান অনেক ক্ষণ ধরে তার পাশে বসে আছে

                     জানি না কিসের ওজরে।

বুড়ো নিমগাছের তলায় ইঁদারা,

         গোরু দিয়ে জল টেনে তোলে মালী,

             তার কাকুধ্বনিতে মধ্যাহ্ন সকরুণ,

         তার জলধারায় চঞ্চল ভুট্টার খেত।

      গরম হাওয়ায় ঝাপসা গন্ধ আসছে আমের বোলের,

খবর আসছে মহানিমের মঞ্জরীতে মৌমাছির বসেছে মেলা।

 

      অপরাহ্নে শহর থেকে আসে একটি পরবাসী মেয়ে,

         তাপে কৃশ পাণ্ডুবর্ণ বিষণ্ন তার মুখ,

             মৃদুস্বরে পড়িয়ে যায় বিদেশী কবির কবিতা।

      নীল রঙের জীর্ণ চিকের ছায়া-মিশানো অস্পষ্ট আলোয়

                 ভিজে খস্‌খসের গন্ধের মধ্যে

      প্রবেশ করে সাগরপারের মানবহৃদয়ের ব্যথা।

আমার প্রথমযৌবন খুঁজে বেড়ায় বিদেশী ভাষার মধ্যে আপন ভাষা,

             প্রজাপতি যেমন ঘুরে বেড়ায়

                 বিলিতি মৌসুমি ফুলের কেয়ারিতে

                     নানা বর্ণের ভিড়ে।

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত