আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

কথা কবিতা । kotha Kobita | কথা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

  কথা কবিতাটি [ kotha kobita ] কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর কথা কাব্যগ্রন্থের অংশ।

কাব্যগ্রন্থের নামঃ কথা

কবিতার নামঃ কথা

কথা কবিতা । kotha Kobita | কথা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

     কথা কও, কথা কও।

অনাদি অতীত, অনন্ত রাতে

         কেন বসে চেয়ে রও?

         কথা কও, কথা কও।

যুগযুগান্ত ঢালে তার কথা

         তোমার সাগরতলে,

কত জীবনের কত ধারা এসে

         মিশায় তোমার জলে।

সেথা এসে তার স্রোত নাহি আর,

কলকল ভাষ নীরব তাহার–

তরঙ্গহীন ভীষণ মৌন,

         তুমি তারে কোথা লও!

হে অতীত, তুমি হৃদয়ে আমার

         কথা কও, কথা কও।

         কথা কও, কথা কও।

স্তব্ধ অতীত, হে গোপনচারী,

         অচেতন তুমি নও–

         কথা কেন নাহি কও!

তব সঞ্চার শুনেছি আমার

         মর্মের মাঝখানে,

কত দিবসের কত সঞ্চয়

         রেখে যাও মোর প্রাণে!

হে অতীত, তুমি ভুবনে ভুবনে

কাজ করে যাও গোপনে গোপনে,

মুখর দিনের চপলতা-মাঝে

         স্থির হয়ে তুমি রও।

হে অতীত, তুমি গোপনে হৃদয়ে

         কথা কও, কথা কও।

         কথা কও, কথা কও।

কোনো কথা কভু হারাও নি তুমি,

         সব তুমি তুলে লও–

         কথা কও, কথা কও।

তুমি জীবনের পাতায় পাতায়

         অদৃশ্য লিপি দিয়া

পিতামহদের কাহিনী লিখিছ

         মজ্জায় মিশাইয়া।

যাহাদের কথা ভুলেছে সবাই

তুমি তাহাদের কিছু ভোল নাই,

বিস্মৃত যত নীরব কাহিনী

স্তম্ভিত হয়ে বও।

ভাষা দাও তারে হে মুনি অতীত,

কথা কও, কথা কও।

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত