মৌন কবিতা চৈতালী । mouno kobita | চৈতালী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

মৌন কবিতা চৈতালীটি [ priya kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর চৈতালী-কাব্যগ্রন্থের অংশ। এটি আশ্বিন, ১৩০৩ (১৮৯৬ খ্রীস্টাব্দ) বঙ্গাব্দে প্রকাশিত হয়। এতে সর্বমোট ৭৮টি কবিতা রয়েছে। এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার “চিত্রা-চৈতালি পর্ব”-এর অন্তর্গত একটি উল্লেখযোগ্য সৃষ্টি।

কাব্যগ্রন্থের নামঃ চৈতালী

কবিতার নামঃ মৌন

 

মৌন কবিতা চৈতালী । mouno kobita | চৈতালী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

যাহা-কিছু বলি আজি সব বৃথা হয়,

মন বলে মাথা নাড়ি–এ নয়, এ নয়।

যে কথায় প্রাণ মোর পরিপূর্ণতম

সে কথা বাজে না কেন এ বীণায় মম।

সে শুধু ভরিয়া উঠি অশ্রুর আবেগে

হৃদয়আকাশ ঘিরে ঘনঘোর মেঘে;

 

মাঝে মাঝে বিদ্যুতের বিদীর্ণ রেখায়

অন্তর করিয়া ছিন্ন কী দেখাতে চায়?

মৌ-ন মূক মূঢ়-সম ঘনায়ে আঁধারে

সহসা নিশীথরাত্রে কাঁদে শত ধারে।

বাক্যভারে রুদ্ধকণ্ঠ, রে স্তম্ভিত প্রাণ,

কোথায় হারায়ে এলি তোর যত গান।

বাঁশি যেন নাই, বৃথা নিশ্বাস কেবল–

রাগিনীর পরিবর্তে শুধু অশ্রুজল।

মন্তব্য করুন