গীতহীন কবিতাটি [geetoheen kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর চৈতালী-কাব্যগ্রন্থের অংশ।
কাব্যগ্রন্থের নামঃ চৈতালী
কবিতার নামঃ গীতহীন
গীতহীন কবিতা । geetoheen Kobita | চৈতালী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
চলে গেছে মোর বীণাপাণি
কতদিন হল সে না জানি।
কী জানি কী অনাদরে বিস্মৃত ধূলির ‘পরে
ফেলে রেখে গেছে বীণাখানি।
ফুটেছে কুসুমরাজি– নিখিল জগতে আজি
আসিয়াছে গাহিবার দিন,
মুখরিত দশ দিক, অশ্রান্ত পাগল পিক,
উচ্ছ্বসিত বসন্তবিপিন।
বাজিয়া উঠেছে ব্যথা, প্রাণ-ভরা ব্যাকুলতা,
মনে ভরি উঠে কত বাণী,
বসে আছি সারাদিন গীতিহীন স্তুতিহীন–
চলে গেছে মোর বীণাপাণি।
আর সে নবীন সুরে বীণা উঠিবে না পুরে,
বাজিবে না পুরানো রাগিণী;
যৌবনে যোগিনীমত, লয়ে নিত্য মৌনব্রত
তুই বীণা রবি উদাসিনী।
কে বসিবে এ আসনে মানসকমলবনে,
কার কোলে দিব তোরে আনি–
থাক্ পড়ে ওইখানে চাহিয়া আকাশপানে–
চলে গেছে মোর বীণাপাণি।
কখনো মনের ভুলে যদি এরে লই তুলে
বাজে বুকে বাজাইতে বীণা;
যদিও নিখিল ধরা বসন্তে সংগীত ভরা,
তবু আজি গাহিতে পারি না।
কথা আজি কথাসার, সুর তাহে নাহি আর,
গাঁথা ছন্দ বৃথা বলে মানি–
অশ্রুজলে ভরা প্রাণ, নাহি তাহে কলতান–
চলে গেছে মোর বীণাপাণি।
ভাবিতাম সুরে বাঁধা এ বীণা আমারি সাধা,
এ আমার দেবতার বর;
এ আমারি প্রাণ হতে মন্ত্রভরা সুধাস্রোতে
পেয়েছে অক্ষয় গীতস্বর।
একদিন সন্ধ্যালোকে অশ্রুজল ভরি চোখে
বক্ষে এরে লইলাম টানি–
আর না বাজিতে চায়, তখনি বুঝিনু হায়
চলে গেছে মোর বীণাপাণি।


![উন্নতিলক্ষণ unnotilokkhon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর উন্নতিলক্ষণ unnotilokkhon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/উন্নতিলক্ষণ-unnotilokkhon-কবিতা-1-1-1024x536.gif)






![রাজমিস্ত্রী rajmistri [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর রাজমিস্ত্রী rajmistri [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/রাজমিস্ত্রী-rajmistri-কবিতা--1024x536.gif)
![পূরবী কাব্যগ্রন্থের ‘পথ’ কবিতা — রবীন্দ্রনাথ ঠাকুর পথ poth [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/পথ-poth-কবিতা--1024x536.gif)
![সোনার তরী কাব্যগ্রন্থের ‘সোনার বাঁধন’ কবিতা — রবীন্দ্রনাথ ঠাকুর সোনার বাঁধন [ কাব্যগ্রন্থ : সোনার তরী ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/03/সোনার-বাঁধন-1024x536.gif)