আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

আমার খোলা জানালাতে amar khola janalate [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

আমার খোলা জানালাতে amar khola janalate [ কবিতা ]

– রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : উৎসর্গ [ ১৯১৪]

কবিতার শিরোনামঃ আমার খোলা জানালাতে

আমার খোলা জানালাতে amar khola janalate [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর

আমার খোলা জানালাতে

শব্দবিহীন চরণপাতে

      কে এলে গো, কে গো তুমি এলে।

একলা আমি বসে আছি

অস্তলোকের কাছাকাছি

      পশ্চিমেতে দুটি নয়ন মেলে।

অতিসুদূর দীর্ঘ পথে

আকুল তব আঁচল হতে

      আঁধারতলে গন্ধরেখা রাখি

জোনাক-জ্বালা বনের শেষে

কখন এলে দুয়ারদেশে

      শিথিল কেশে ললাটখানি ঢাকি।

তোমার সাথে আমার পাশে

কত গ্রামের নিদ্রা আসে–

      পান্থবিহীন পথের বিজনতা,

ধূসর আলো কত মাঠের,

বধূশূন্য কত ঘাটের

      আঁধার কোণে জলের কলকথা।

শৈলতটের পায়ের ‘পরে

তরঙ্গদল ঘুমিয়ে পড়ে,

      স্বপ্ন তারি আনলে বহন করি।

কত বনের শাখে শাখে

পাখির যে গান সুপ্ত থাকে

      এনেছ তাই মৌন নূপুর ভরি।

মোর ভালে ওই কোমল হস্ত

এনে দেয় গো সূর্য-অস্ত,

      এনে দেয় গো কাজের অবসান–

সত্যমিথ্যা ভালোমন্দ

সকল সমাপনের ছন্দ,

      সন্ধ্যানদীর নিঃশেষিত তান।

আঁচল তব উড়ে এসে

লাগে আমার বক্ষে কেশে,

      দেহ যেন মিলায় শূন্য’পরি,

চক্ষু তব মৃত্যুসম

স্তব্ধ আছে মুখে মম

      কালো আলোয় সর্বহৃদয় ভরি।

যেমনি তব দখিন-পাণি

তুলে নিল প্রদীপখানি,

      রেখে দিল আমার গৃহকোণে,

গৃহ আমার এক নিমেষে

ব্যাপ্ত হল তারার দেশে

      তিমিরতটে আলোর উপবনে।

আজি আমার ঘরের পাশে

গগনপারের কারা আসে

      অঙ্গ তাদের নীলাম্বরে ঢাকি।

আজি আমার দ্বারের কাছে

অনাদি রাত স্তব্ধ আছে

      তোমার পানে মেলি তাহার আঁখি।

এই মুহূর্তে আধেক ধরা

লয়ে তাহার আঁধার-ভরা

      কত বিরাম, কত গভীর প্রীতি,

আমার বাতায়নে এসে

দাঁড়ালো আজ দিনের শেষে–

      শোনায় তোমায় গুঞ্জরিত গীতি।

চক্ষে তব পলক নাহি,

ধ্রুবতারার দিকে চাহি

      তাকিয়ে আছ নিরুদ্দেশের পানে।

নীরব দুটি চরণ ফেলে

আঁধার হতে কে গো এলে

      আমার ঘরে আমার গীতে গানে।–

কত মাঠের শূন্যপথে,

কত পুরীর প্রান্ত হতে,

      কত সিন্ধুবালুর তীরে তীরে,

কত শান্ত নদীর পারে,

কত স্তব্ধ গ্রামের ধারে,

      কত সুপ্ত গৃহদুয়ার ফিরে,

কত বনের বায়ুর ‘পরে

এলো চুলের আঘাত ক’রে

      আসিলে আজ হঠাৎ অকারণে।

বহু দেশের বহু দূরের

বহু দিনের বহু সুরের

      আনিলে গান আমার বাতায়নে।

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত