আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

গানের বাসা ganer basa [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

গানের বাসা

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : পুনশ্চ [ ১৯৩২ ]

কবিতার শিরনামঃ গানের বাসা

গানের বাসা ganer basa [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

তোমরা দুটি পাখি,

           মিলন-বেলায় গান কেন আজ

               মুখে মুখে নীরব হল।

                   আতশবাজির বক্ষ থেকে

           চতুর্দিকে স্ফুলিঙ্গ সব ছিটকে পড়ে–

                   তেমনি তোমাদের

           বিরহতাপ ছড়িয়ে গিয়েছিল

               সারারাত্রি সুরে সুরে বনের থেকে বনে।

           গানের মূর্তি নিয়ে তারা পড়ল না তো ধরা–

                   বাতাস তাদের মিলিয়ে দিল

                       দিগন্তরের অরণ্যচ্ছায়ায়।

আমরা মানুষ, ভালোবাসার জন্যে বাসা বাঁধি,

    চিরকালের ভিত গড়ি তার গানের সুরে;

        খুঁজে আনি জরাবিহীন বাণী

           সে মন্দিরের গাঁথন দিতে।

    বিশ্বজনের সবার জন্যে সে গান থাকে

           সব প্রেমিকের প্রাণের আসন মেলে দিয়ে।

               বিপুল হয়ে উঠেছে সে

                   দেশে দেশে কালে কালে।

                       মাটির মধ্যখানে থেকে

           মাটিকে সে অনেক দূরে ছাড়িয়ে তোলে মাথা

                       কল্পস্বর্গলোকে।

 

               সহজ ছন্দে যায় আনন্দে জীবন তোমাদের

                       উধাও পাখার নাচের তালে।

                   দুরু দুরু কোমল বুকের প্রেমের বাসা

                       আপনি আছে বাঁধা

                          পাখির ভুবনে।

                       প্রাণের রসে শ্যামল মধুর,

                          মুখরিত গুঞ্জনে মর্মরে,

               ঝলকিত চিকন পাতার দোলনে কম্পনে,

                          পুলকিত ফুলের উল্লাসে,

        নব নব ঋতুর মায়া-তুলি

           সাজায় তারে নবীন রঙে–

               মনে-রাখা ভুলে-যাওয়া

                   যেন দুটি প্রজাপতির মতো

    সেই নিভৃতে অনায়াসে হালকা পাখায়

           আলোছায়ার সঙ্গে বেড়ায় খেলে।

        আমরা কেবল বানিয়ে তুলি

           আপন ব্যথার রঙে রসে

    ধূলির থেকে পালিয়ে যাবার সৃষ্টিছাড়া ঠাঁই,

               বেড়া দিয়ে আগলে রাখি

           ভালোবাসার জন্যে দূরের বাসা–

                   সেই আমাদের গান।

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত