আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

তারা tara [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

তারা

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : পূরবী [ ১৯২৫ ]

কবিতার শিরনামঃ তারা

তারা tara [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

আকাশ-ভরা তা’রার মাঝে আমার তা’রা কই।

        ওই হবে কি ওই।

রাঙা আভার আভাস-মাঝে, সন্ধ্যারবির রাগে

সিন্ধুপারের ঢেউয়ের ছিটে ওই যাহারে লাগে,

ওই যে লাজুক আলোখানি, ওই যে গো নামহারা,

        ওই কি আমার হবে আপন তা’রা।

জোয়ার ভাঁটার স্রোতের টানে আমার বেলা কাটে

        কেবল ঘাটে ঘাটে।

এমনি করে পথে পথে অনেক হল খোঁজা,

এমনি করে হাটে হাটে জমল অনেক বোঝা —

ইমনে আজ বাঁশি বাজে, মন যে কেমন করে

        আকাশে মোর আপন  তা’রায় ভরে।

দূরে এসে তার  ভাষা কি ভুলেছি কোন্‌ খনে?

        পড়বে না কি মনে?

ঘরে ফেরার প্রদীপ আমার রাখল কোথায় জ্বেলে

পথে-চাওয়া করুণ চোখের কিরণখানি মেলে।

কোন্‌ রাতে যে মেটাবে মোর তপ্ত দিনের তৃষা,

        খুঁজে খুঁজে পাব না তার দিশা?

ক্ষণে ক্ষণে কাজের মাঝে দেয় নি কি দ্বার নাড়া–

          পাই নি কি তার সাড়া।

বাতায়নের মুক্তপথে স্বচ্ছ শরৎ-রাতে

তার আলোটি মেশে নি কি মোর স্বপনের সাথে।

হঠাৎ তারি সুরখানি কি ফাগুন-হাওয়া বেয়ে

          আসে নি মোর গানের ‘পরে ধেয়ে।

কানে কানে কথাটি তার অনেক সুখে দুখে

          বেজেছে মোর বুকে।

মাঝে মাঝে তারি বাতাস আমার পালে এসে

নিয়ে গেছে হঠাৎ আমায় আন্‌মনাদের দেশে–

পথ-হারানো বনের ছায়ায় কোন্‌ মায়াতে ভুলে

          গেঁথেছি হার নাম-না-জানা ফুলে।

 

আমার তা’রার মন্ত্র নিয়ে এলেম ধরাতলে

          লক্ষ্যহারার দলে।

বাসায় এল পথের হাওয়া, কাজের মাঝে খেলা,

ভাসল ভিড়ের মুখর স্রোতে একলা প্রাণের ভেলা,

বিচ্ছেদেরই লাগল বাদল মিলন-ঘন রাতে

          বাঁধনহারা শ্রাবণ-ধারাপাতে।

ফিরে যাবার সময় হল তাই তো চেয়ে রই–

          আমার তা’রা কই?

গভীর রাতে প্রদীপগুলি নিবেছে এই পারে,

বাসাহারা গন্ধ বেড়ায় বনের অন্ধকারে,

সুর ঘুমালো নীরব নীড়ে, গান হল মোর সারা–

          কোন্‌ আকাশে আমার আপন তা’রা।

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত