আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

পথিক কবিতা খেয়া [ Pothik Kobita ] – রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

পথিক কবিতা খেয়া [ Pothik Kobita ]

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : খেয়া [ ১৯০৬ ]

কবিতার শিরনামঃ পথিক

পথিক কবিতা খেয়া [ Pothik Kobita ] – রবীন্দ্রনাথ ঠাকুর

পথি’ক ওগো প’থিক, যাবে তুমি,

           এখন এ যে গভীর ঘোর নিশা।

নদীর পারে তমালবনভূমি

           গহন ঘন অন্ধকারে মিশা।

মোদের ঘরে হয়েছে দীপ জ্বালা,

           বাঁশির ধ্বনি হৃদয়ে এসে লাগে,

নবীন আছে এখনো ফুলমালা,

           তরুণ আঁখি এখনো দেখো জাগে।

           বিদায়বেলা এখনি কি গো হবে,

           পথি’ক ওগো পথি’ক, যাবে তবে?

তোমারে মোরা বাঁধি নি কোনো ডোরে,

           রুধিয়া মোরা রাখি নে তব পথ।

তোমার ঘোড়া রয়েছে সাজ প’রে,

           বাহিরে দেখো দাঁড়ায়ে তব রথ।

বিদায়পথে দিয়েছি বটে বাধা

           কেবল শুধু করুণ কলগীতে।

চেয়েছি বটে রাখিতে হেথা বাঁধা

           কেবল শুধু চোখের চাহনিতে।

           পথি’ক ওগো, মোদের নাহি বল,

           রয়েছে শুধু আকুল আঁখিজল।

 

নয়নে তব কিসের এই গ্লানি,

           রক্তে তব কিসের তরলতা।

আঁধার হতে এসেছে নাহি জানি

           তোমার প্রাণে কাহার কী বারতা।

সপ্তঋষি গগনসীমা হতে

           কখন কী যে মন্ত্র দিল পড়ি–

তিমির-রাতি শব্দহীন স্রোতে

           হৃদয়ে তব আসিল অবতরি।

           বচনহারা অচেনা অদ্‌ভুত

           তোমার কাছে পাঠালো কোন্‌ দূত।

এ মেলা যদি না লাগে তব ভালো,

           শান্তি যদি না মানে তব প্রাণ,

সভার তবে নিবায়ে দিব আলো,

           বাঁশির তবে থামায়ে দিব তান।

স্তব্ধ মোরা আঁধারে রব বসি,

           ঝিল্লিরব উঠিবে জেগে বনে,

কৃষ্ণরাতে প্রাচীন ক্ষীণ শশী

           চক্ষে তব চাহিবে বাতায়নে।

           পথপাগল পথি’ক, রাখো কথা,

           নিশীথে তব কেন এ অধীরতা। 

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত