আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

পসারিনি posarini কবিতা- রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

পসারিনি posarini কবিতা

– রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : কল্পনা [ ১৯৫২ ]

কবিতার শিরোনামঃ পসারিনি

পসারিনি posarini কবিতা- রবীন্দ্রনাথ ঠাকুর

       ওগো পসারিনী, দেখি আয়

         কী রয়েছে তব পসরায়।

এত ভার মরি মরি                 কেমনে রয়েছ ধরি

         কোমল করুণ ক্লান্তকায়!

কোথা কোন্‌ রাজপুরে            যাবে আরো কত দূরে

         কিসের দুরূহ দুরাশায়!

সম্মুখে দেখো তো চাহি         পথের যে সীমা নাহি,

         তপ্ত বালু অগ্নিবাণ হানে।

পসারিনী, কথা রাখো–           দূর পথে যেয়ো নাকো

         ক্ষণেক দাঁড়াও এইখানে।

         হেথা দেখো শাখা-ঢাকা বাঁধা বটতল–

         কূলে কূলে ভরা দিঘি, কাকচক্ষু জল।

ঢালু পাড়ি চারি পাশে            কচি কচি কাঁচা ঘাসে

         ঘনশ্যাম চিকনকোমল।

পাষাণের ঘাটখানি,                কেহ নাই জনপ্রাণী,

         আম্রবন নিবিড় শীতল।

থাক্‌ তব বিকি-কিনি–           ওগো শ্রান্ত পসারিনী,

         এইখানে বিছাও অঞ্চল।

         ব্যথিত চরণ দুটি ধুয়ে নিবে জলে,

         বনফুলে মালা গাঁথি পরি নিবে গলে।

আম্রমঞ্জরীর গন্ধ                   বহি আনি মৃদুমন্দ

         বায়ু তব উড়াবে অলক–

ঘুঘু-ডাকে ঝিল্লিরবে              কী মন্ত্র শ্রবণে কবে,

         মুদে যাবে চোখের পলক।

পসরা নামায়ে ভূমে                যদি ঢুলে পড় ঘুমে,

         অঙ্গে লাগে সুখালসঘোর–

যদি ভুলে তন্দ্রাভরে               ঘোমটা খসিয়া পড়ে,

         তাহে কোনো শঙ্কা নাহি তোর।

         যদি সন্ধ্যা হয়ে আসে, সূর্য যায় পাটে,

         পথ নাহি দেখা যায় জনশূন্য মাঠে–

নাই গেলে বহু দূরে,               বিদেশের রাজপুরে,

         নাই গেলে রতনের হাটে।

কিছু না করিয়ো ডর,             কাছে আছে মোর ঘর,

         পথ দেখাইয়া যাব আগে।

শশীহীন অন্ধ রাত,                ধরিয়ো আমার হাত

         যদি মনে বড়ো ভয় লাগে।

শয্যা শুভ্রফেননিভ                 স্বহস্তে পাতিয়া দিব,

         গৃহকোণে দীপ দিব জ্বালি–

দুগ্ধদোহনের রবে                  কোকিল জাগিবে যবে

         আপনি জাগায়ে দিব কালি।

                ওগো পসারিনী,

মধ্যদিনে রুদ্ধ ঘরে                 সবাই বিশ্রাম করে,

         দগ্ধ পথে উড়ে তপ্ত বালি–

দাঁড়াও, যেয়ো না আর,          নামাও পসরাভার,

         মোর হাতে দাও তব ডালি।

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত