আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

ব্যর্থ যৌবন কবিতা । Bartho jaubon kobita | সোনার তরী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

ব্যর্থ যৌবন কবিতাটি [ Bartho jaubon kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর সোনার তরী-কাব্যগ্রন্থের অংশ। এটি ১৮৯৪ সালে প্রথম প্রকাশিত হয়। এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার “মানসী-সোনার তরী পর্ব”-এর অন্তর্গত একটি উল্লেখযোগ্য সৃষ্টি।
কাব্যগ্রন্থের নামঃ সোনার তরী
কবিতার নামঃ ব্যর্থ যৌবন

ব্যর্থ যৌবন কবিতা । Bartho jaubon kobita | সোনার তরী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

ব্যর্থ যৌবন
আজি       যে রজনী যায় ফিরাইব তায়
                    কেমনে?
কেন       নয়নের জল ঝরিছে বিফল
                    নয়নে!
            এ বেশভূষণ লহ সখী, লহ,
            এ কুসুমমালা হয়েছে অসহ–
            এমন যামিনী কাটিল বিরহ
                    শয়নে।
আজি       যে-রজনী যায় ফিরাইব তায়
                    কেমনে।
আমি       বৃথা অভিসারে এ যমুনাপারে
                    এসেছি।
বহি         বৃথা মনোআশা এত ভালোবাসা
                    বেসেছি।
            শেষে নিশিশেষে বদন মলিন,
            ক্লান্ত চরণ, মন উদাসীন,
            ফিরিয়া চলেছি কোন্‌ সুখহীন
                 ভবনে!
হায়,      যে-রজনী যায় ফিরাইব তায়
                 কেমনে?
কত        উঠেছিল চাঁদ নিশীথ-অগাধ
                 আকাশে!
বনে         দুলেছিল ফুল গন্ধব্যাকুল
                 বাতাসে।
            তরুমর্মর নদীকলতান
            কানে লেগেছিল স্বপ্নসমান,
            দূর হতে আসি পশেছিল গান
                 শ্রবণে।
আজি       সে রজনী যায়, ফিরাইব তায়
                 কেমনে।
মনে        লেগেছিল হেন, আমারে সে যেন
                 ডেকেছে।
যেন        চিরযুগ ধরে মোরে মনে করে
                 রেখেছে।
            সে আনিবে বহি ভরা অনুরাগ,
            যৌবননদী করিবে সজাগ,
             আসিবে নিশীথে, বাঁধিবে সোহাগ-
                 বাঁধনে।
আহা,      সে রজনী যায়, ফিরাইব তায়
                 কেমনে।
ওগো,      ভোলা ভালো তবে, কাঁদিয়া কী হবে
                 মিছে আর?
যদি         যেতে হল হায়, প্রাণ কেন চায়
                  পিছে আর?
            কুঞ্জদুয়ারে অবোধের মতো
            রজনীপ্রভাতে বসে রব কত!
            এবারের মতো বসন্ত গত
                  জীবনে।
হায়      যে রজনী যায় ফিরাইব তায়
                  কেমনে।

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত