আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

ভ্রষ্ট লগ্ন bhroshto logno [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

ভ্রষ্ট লগ্ন bhroshto logno [ কবিতা ]

– রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : কল্পনা [ ১৯৫২ ]

কবিতার শিরোনামঃ ভ্রষ্ট লগ্ন

ভ্রষ্ট লগ্ন bhroshto logno [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

শয়নশিয়রে প্রদীপ নিবেছে সবে,

জাগিয়া উঠেছি ভোরের কোকিলরবে।

অলসচরণে বসি বাতায়নে এসে

নূতন মালিকা পরেছি শিথিল কেশে।

এমন সময়ে অরুণধূসর পথে

তরুণ পথিক দেখা দিল রাজরথে।

সোনার মুকুটে পড়েছে উষার আলো,

মুকুতার মালা গলায় সেজেছে ভালো।

শুধালো কাতরে “সে কোথায়! সে কোথায়!’

     ব্যগ্রচরণে আমারি দুয়ারে নামি–

শরমে মরিয়া বলিতে নারিনু হায়,

     “নবীন পথিক, সে যে আমি, সেই আমি!’

গোধূলিবেলায় তখনো জ্বলে নি দীপ,

পরিতেছিলাম কপালে সোনার টিপ–

কনকমুকুর হাতে লয়ে বাতায়নে

বাঁধিতেছিলাম কবরী আপনমনে।

হেনকালে এল সন্ধ্যাধূসর পথে

করুণনয়ন তরুণ পথিক রথে।

ফেনায় ঘর্মে আকুল অশ্বগুলি

বসনে ভূষণে ভরিয়া গিয়াছে ধূলি।

শুধালো কাতরে “সে কোথায়! সে কোথায়!’

     ক্লান্ত চরণে আমারি দুয়ারে নামি–

শরমে মরিয়া বলিতে নারিনু হায়,

     “শ্রান্ত পথিক, সে যে আমি, সেই আমি!’

ফাগুন যামিনী, প্রদীপ জ্বলিছে ঘরে,

দখিন বাতাস মরিছে বুকের ‘পরে।

সোনার খাঁচায় ঘুমায় মুখরা সারী,

দুয়ার-সমুখে ঘুমায়ে পড়েছে দ্বারী।

ধূপের ধোঁয়ায় ধূসর বাসরগেহ,

অগুরুগন্ধে আকুল সকল দেহ,

ময়ূরকণ্ঠী পরেছি কাঁচলখানি

দূর্বাশ্যামল আঁচল বক্ষে টানি,

রয়েছি বিজন রাজপথপানে চাহি,

     বাতায়নতলে বসেছি ধূলায় নামি–

ত্রিযামা যামিনী একা বসে গান গাহি,

     “হতাশ পথিক, সে যে আমি, সেই আমি।’

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত