মার্জনা marjona [ কবিতা ]
– রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : কল্পনা [ ১৯৫২ ]
কবিতার শিরোনামঃ মার্জনা
মার্জনা marjona [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর
ওগো প্রিয়তম, আমি তোমারে যে ভালোবেসেছি
মোরে দয়া করে কোরো মা-র্জনা কোরো মা-র্জনা।
ভীরু পাখির মতন তব পিঞ্জরে এসেছি,
ওগো, তাই ব’লে দ্বার কোরো না রুদ্ধ কোরো না
মোর যাহা-কিছু ছিল কিছুই পারি নি রাখিতে,
মোর উতলা হৃদয় তিলেক পারি নি ঢাকিতে,
সখা, তুমি রাখো ঢাকো, তুমি করো মোরে করুণা–
ওগো, আপনার গুণে অবলারে কোরো মা-র্জনা কোরো মা-র্জনা।
ওগো প্রিয়তম, যদি নাহি পার ভালোবাসিতে
তবু ভালোবাসা কোরো মা-র্জনা কোরো মা-র্জনা।
তব দুটি আঁখিকোণ ভরি দুটি কণা হাসিতে
এই অসহায়া-পানে চেয়ো না, বন্ধু, চেয়ো না।
আমি সম্বরি বাস ফিরে যাব দ্রুতচরণে,
আমি চকিত শরমে লুকাব আঁধার মরণে,
আমি দু-হাতে ঢাকিব নগ্নহৃদয়বেদনা–
ওগো প্রিয়তম, তুমি অভাগীরে কোরো মা-র্জনা কোরো মা-র্জনা।
ওগো প্রিয়তম যদি চাহ মোরে ভালোবাসিয়া
মোর সুখরাশি কোরো মা-র্জনা কোরো মা-র্জনা।
যবে সোহাগের স্রোতে যাব নিরুপায় ভাসিয়া
তুমি দূর হতে বসি হেসো না গো সখা, হেসো না।
যবে রানীর মতন বসিব রতন-আসনে,
যবে বাঁধিব তোমারে নিবিড় প্রণয়শাসনে,
যবে দেবীর মতন পুরাব তোমার বাসনা–
ওগো তখন, হে নাথ, গরবীরে কোরো মা-র্জনা কোরো মা-র্জনা।
![মার্জনা marjona [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর 1 মার্জনা marjona [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/মার্জনা-marjona-কবিতা-.gif)