আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

রাত্রিরূপিণী কবিতা | ratrirupini kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

রাত্রিরূপিণী কবিতাটি [ ratrirupini kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর বীথিকা কাব্যগ্রন্থের অংশ।

রাত্রিরূপিণী ratrirupini

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থের নামঃ বীথিকা

কবিতার নামঃ রাত্রিরূপিণী

 

রাত্রিরূপিণী কবিতা | ratrirupini kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

হে রাত্রিরূপিণী,

          আলো জ্বালো একবার ভালো করে চিনি।

       দিন যার ক্লান্ত হল তারই লাগি কী এনেছ বর,

                             জানাক তা তব মৃদু স্বর।

                                       তোমার নিশ্বাসে

                   ভাবনা ভরিল মোর সৌরভ-আভাসে।

                             বুঝিব বক্ষের কাছে

                                      ঢাকা আছে

                             রজনীগন্ধার ডালি!

                                      বুঝিবা এনেছ জ্বালি

          প্রসন্ন ললাটনেত্রে সন্ধ্যার সঙ্গিনীহীন তারা–

                   গোপন আলোক তারি, ওগো বাক্যহারা,

                             পড়েছ তোমার মৌন-‘পরে–

                   এনেছ গভীর হাসি করুণ অধরে

                             বিষাদের মতো শান্ত স্থির।

 

                   দিবসে সুতীব্র আলো, বিক্ষিপ্ত সমীর,

                             নিরন্তর আন্দোলন,

                                      অনুক্ষণ

                   দ্বন্দ্ব-আলোড়িত কোলাহল।

                   তুমি এসো অচঞ্চল,

                             এসো স্নিগ্ধ আবির্ভাব,

          তোমারই অঞ্চলতলে লুপ্ত হোক যত ক্ষতি লাভ।

                             তোমার স্তব্ধতাখানি

                                      দাও টানি

                             অধীর উদ্‌ভ্রান্ত মনে।

যে অনাদি নিঃশব্দতা সৃষ্টির প্রাঙ্গণে

          বহ্নিদীপ্ত উদ্দমের মত্ততায় জ্বর

                   শান্ত করি করে তারে সংযত সুন্দর,

সে গম্ভীর শান্তি আনো তব আলিঙ্গনে

                   ক্ষুব্ধ এ জীবনে।

                             তব প্রেমে

          চিত্তে মোর যাক থেমে

অন্তহীন প্রয়াসের লক্ষ্যহীন চাঞ্চল্যের মোহ,

          দুরাশার দুরন্ত বিদ্রোহ।

      সপ্তর্ষির তপোবনে হোমহুতাশন হতে

আনো তব দীপ্ত শিখা। তাহারই আলোতে

          নির্জনের উৎসব-আলোক

পুণ্য হবে, সেইক্ষণে আমাদের শুভদৃষ্টি হোক।

অপ্রমত্ত মিলনের মন্ত্র সুগম্ভীর

          মন্দ্রিত করুক আজি রজনীর তিমিরমন্দির।Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত