আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

বনের ছায়া boner chhaya [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

বনের ছায়া

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : কড়ি ও কোমল

কবিতার শিরনামঃ বনের ছায়া 

বনের ছায়া boner chhaya [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

কোথা রে তরুর ছায়া, বনের শ্যামল স্নেহ।

          তট-তরু কোলে কোলে          সারাদিন কলরোলে

               স্রোতস্বিনী যায় চলে সুদূরে সাধের গেহ;

               কোথা রে তরুর ছায়া  বনের শ্যামল স্নেহ,

কোথা রে সুনীল দিশে             বনান্ত রয়েছে মিশে

     অনন্তের অনিমিষে নয়ন নিমেষ-হারা।

দূর হতে বায়ু এসে                চলে যায় দূর-দেশে,

     গীত-গান যায় ভেসে, কোন্‌ দেশে যায় তারা।

হাসি, বাঁশি, পরিহাস,            বিমল সুখের শ্বাস,

     মেলামেশা বারো মাস নদীর শ্যামল তীরে;

কেহ খেলে, কেহ দোলে,         ঘুমায় ছায়ার কোলে,

     বেলা শুধু যায় চলে কুলুকুলু নদীনীরে।

     বকুল কুড়োয় কেহ, কেহ গাঁথে মালাখানি;

ছায়াতে ছায়ার প্রায়               বসে বসে গান গায়,

     করিতেছে কে কোথায় চুপিচুপি কানাকানি।

খুলে গেছে চুলগুলি,               বাঁধিতে গিয়েছে ভুলি,

     আঙুলে ধরেছে তুলি আঁখি,পাছে ঢেকে যায়,

     কাঁকন খসিয়া গেছে, খুঁজিছে গাছের ছায়।

বনের মর্মের মাঝে                বিজনে বাঁশরি বাজে,

     তারি সুরে মাঝে মাঝে ঘুঘু দুটি গান গায়।

 

ঝুরু ঝুরু কত পাতা               গাহিছে বনের গাথা,

     কত না মনের কথা তারি সাথে মিশে যায়।

লতাপাতা কত শত               খেলে কাঁপে কত মতো

     ছোটো ছোটো আলোছায়া ঝিকিমিকি বন ছেয়ে,

     তারি সাথে তারি মতো খেলে কত ছেলেমেয়ে।

     কোথায় সে গুন গুন ঝরঝর মরমর,

     কোথা সে মাথার ‘পরে লতাপাতা থরথর।

     কোথায় সে ছায়া আলো, ছেলেমেয়ে খেলাধূলি,

     কোথা সে ফুলের মাঝে এলোচুলে হাসিগুলি।

কোথা রে সরল প্রাণ,             গভীর আনন্দ-গান,

     অসীম শান্তির মাঝে প্রাণের সাধের গেহ,

     তরুর শীতল ছায়া, বনের শ্যামল স্নেহ।

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত