আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

ভগ্নহৃদয় চতুস্ত্রিংশ সর্গ bhagno hriday choturtringso sorgo [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

ভগ্নহৃদয় চতুস্ত্রিংশ সর্গ bhagno hriday choturtringso sorgo [ কবিতা ]

– রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : ভগ্নহৃদয়

কবিতার শিরোনামঃ ভগ্নহৃদয় চতুস্ত্রিংশ সর্গ

ভগ্নহৃদয় চতুস্ত্রিংশ সর্গ bhagno hriday choturtringso sorgo [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

শয্যায় শয়ান ললিতা। অনিলের প্রবেশ
ললিতার গান
বায়ু! বায়ু! কি দেখিতে আসিয়াছে হেথা
          কৌতুকে আকুল!
আমি    একটি জুঁই ফুল!
সারা রাত এ মাথায় প’ড়েছে শিশির–
          গণেছি কেবল!
প্রভাতে বড়ই শ্রান্ত ক্লান্ত, হে সমীর,
          অতি হীনবল!
ভাঙ্গা বৃন্তে ভর করি   রয়েছি জীবন ধরি
          জীবনে উদাস!
ওগো   উষার বাতাস!
শ্রান্ত মাথা  পড়ে নুয়ে–  চাহিয়া রয়েছে ভুঁয়ে
          মর’-মর’ একটি জুঁই ফুল!
কাছেতে এস না স’রে– একখানি পড়িবে ঝ’রে
          সুকুমার একটি জুঁই ফুল!
ও ফুল গোলাপ নয়   সুষমাসুরভিময়,
          নহে চাঁপা, নহে গো বকুল!
ও নহে গো মৃণালিনী   তপনের আদরিণী,
          ও শুধু একটি জুঁই ফুল!
ওরে আসিয়াছ দিতে কি সংবাদ হায়
          হে প্রভাতবায়?
প্রভাতে নলিনী আজি হাসিছে সরসে?
          হাসুক সরসে!
শিশিরে গোলাপগুলি কাঁদিছে হরষে?
          কাঁদুক হরষে!
ও এখনি বৃন্ত হ’তে কঠিন মাটিতে
          পড়িবে ঝড়িয়া–
শান্তিতে মরে গো যেন মরিবার কালে,
          যাও গো সরিয়া!
মুখখানি ধীরে ধীরে দেখিতেছ তুলে
          দাঁড়াইয়া কাছে–
দেখিবারে– ক্ষুদ্র জুঁই মুখ নত করি
          অভিমান ক’রে বুঝি আছে!
নয় নয়, তাহা নয়,   সে সকল খেলা নয়–
          ফুরায় জীবন!
তবে যাও, চ’লে যাও–  আর কোন ফুলে যাও
          প্রভাতপবন!
ওরে কি শুধতে আছে প্রেমের বারতা
          মর’-মর’ যবে?
একটি কহে নি কথা, অনেক সহেছে–
মরমে মরমে কীট অনেক বহেছে–
আজ মরিবার কালে শুধাইছ কেন?
          কথা নাহি ক’বে!
ও যখন মাটি-‘পরে পড়িবে ঝরিয়া
          ওরে ল’য়ে খেলাস নে তুই!
উড়ায়ে যাস নে ল’য়ে হেথা হ’তে হোথা!
          ক্ষুদ্র এক জুঁই!
যেথাই খসিয়া পড়ে   সেথা যেন থাকে প’ড়ে,
          ঢেকে দিস শুকানো পাতায়!
ক্ষুদ্র জুঁই ছিল কিনা   কেহই ত জানিত না,
          মরিলেও জানিবে না তায়!
কাননে হাসিত চাঁপা, হাসিত গোলাপ
          আমি যবে মরিতাম কাঁদি,
আজো হাসিবেক তারা শাখায় শাখায়
          হাতে হাতে বাঁধি!
সে অজস্র হাসি-মাঝে   সে হরষরাশি-মাঝে
          ক্ষুদ্র এই বিষাদের হইবে সমাধি!
সমাপ্তি

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত