আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

আদিতম কবিতা | aditomo kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

আদিতম কবিতাটি [ aditomo-kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর বীথিকা-কাব্যগ্রন্থের অংশ।

আদিতম aditomo

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থের নামঃ বীথিকা

কবিতার নামঃ আদিতম aditomo

 

আদিতম কবিতা | aditomo kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

কে আমার ভাষাহীন অন্তরে

চিত্তের মেঘলোকে সন্তরে,

          বক্ষের কাছে থাকে তবুও সে রয় দূরে,

                   থাকে অশ্রুত সুরে।

ভাবি বসে, গাব আমি তারই গান–

চুপ করে থাকি সারা দিনমান,

          অকথিত আবেগের ব্যথা সই।

                   মন বলে, কথা কই কথা কই!

চঞ্চল শোণিতে যে

সত্তার ক্রন্দন ধ্বনিতেছে

অর্থ কী জানি তাহা,

আদিতম আদিমের বাণী তাহা।

 

ভেদ করি ঝঞ্ঝার আলোড়ন

ছেদ করি বাষ্পের আবরণ

চুম্বিল ধরাতল যে আলোক,

স্বর্গের সে বালক

                   কানে তার বলে গেছে যে কথাটি

তারই স্মৃতি আজো ধরণীর মাটি

          দিকে দিকে বিকাশিছে ঘাসে ঘাসে–

তারই পানে চেয়ে চেয়ে

          সেই সুর কানে আসে।

     প্রাণের প্রথমতম কম্পন

অশথের মজ্জায় করিতেছে বিচরণ,

          তারই সেই ঝংকার ধ্বনিহীন–

আকাশের বক্ষেতে কেঁপে ওঠে নিশিদিন;

     মোর শিরাতন্তুতে বাজে তাই;

     সুগভীর চেতনার মাঝে তাই

          নর্তন জেগে ওঠে অদৃশ্য ভঙ্গিতে

                   অরণ্যমর্মর-সংগীতে।

 

ওই তরু ওই লতা ওরা সবে

মুখরিত কুসুমে ও পল্লবে–

                   সেই মহাবাণীময় গহনমৌনতলে

নির্বাক স্থলে জলে

শুনি আদি-ওংকার,

                   শুনি মূক গুঞ্জন অগোচর চেতনার।

ধরণীর ধূলি হতে তারার সীমার কাছে

কথাহারা যে ভুবন ব্যাপিয়াছে

তার মাঝে নিই স্থান,

চেয়ে-থাকা দুই চোখে বাজে ধ্বনিহীন গান।

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত