আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

ছায়াছবি কবিতা | chhayachhobi kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

ছায়াছবি কবিতাটি [ chhayachhobi kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর বীথিকা কাব্যগ্রন্থের অংশ।

ছায়াছবি chhayachhobi

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থের নামঃ বীথিকা

কবিতার নামঃ ছায়াছবি

 

ছায়াছবি কবিতা | chhayachhobi kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

 

একটি দিন পড়িছে মনে মোর।

          উষার নিল মুকুট কাড়ি

                   শ্রাবণ ঘনঘোর;

বাদলবেলা বাজায়ে দিল তূরী,

          প্রহরগুলি ঢাকিয়া মুখ

                   করিল আলো চুরি।

সকাল হতে অবিশ্রামে

ধারাপতনশব্দ নামে,

                   পরদা দিল টানি,

সংসারের নানা ধ্বনিরে

                   করিল একখানি।

 

     প্রবল বরিষনে

পাংশু হল দিকের মুখ,

আকাশ যেন নিরুৎসুক,

নদীপারের নীলিমা ছায়

          পাণ্ডু আবরণে।

কর্মদিন হারালো সীমা,

          হারালো পরিমাণ,

বিনা কারণে ব্যথিত হিয়া

উঠিল গাহি গুঞ্জরিয়া

                   বিদ্যাপতি-রচিত সেই

                  ভরা-বাদর গান।

ছিলাম এই কুলায়ে বসি

          আপন মন-গড়া,

হঠাৎ মনে পড়িল তবে

এখনি বুঝি সময় হবে,

ছাত্রীটিরে দিতে হবে যে পড়া।

     থামায়ে গান চাহিনু পশ্চাতে;

          ভীরু সে মেয়ে কখন এসে

               নীরব পায়ে দুয়ার ঘেঁষে

দাঁড়ায়ে আছে খাতা ও বহি হাতে।

      করিনু পাঠ শুরু।

কপোল তার ঈষৎ রাঙা,

গলাটি আজ কেমন ভাঙা,

বক্ষ বুঝি করিছে দুরু দুরু।

     কেবলি যায় ভুলে,

অন্যমনে রয়েছে যেন

     বইয়ের পাতা খুলে।

কহিনু তারে, আজকে পড়া থাক।

     সে শুধু মুখে তুলিয়া আঁখি

          চাহিল নির্বাক।

তুচ্ছ এই ঘটনাটুকু,

          ভাবি নি ফিরে তারে।

গিয়েছে তার ছায়ামূরতি

          কালের খেয়াপারে।

স্তব্ধ আজি বাদলবেলা,

          নদীতে নাহি ঢেউ,

                   অলসমনে বসিয়া আছি

                 ঘরেতে নেই কেউ।

       হঠাৎ দেখি চিত্রপটে চেয়ে,

                 সেই-যে ভীরু মেয়ে

মনের কোণে কখন গেছে আঁকি

          অবর্ষিত অশ্রুভরা

ডাগর দুটি আঁখি।

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত