আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

উচ্ছৃঙ্খল কবিতা । uchchhingkhal kobita। মানসী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

উচ্ছৃঙ্খল কবিতা [ uchchhingkhal kobita ] টি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর মানসী কাব্যগ্রন্থের অংশ।

কাব্যগ্রন্থের নামঃ মানসী 

কবিতার নামঃ উচ্ছৃঙ্খল

উচ্ছৃঙ্খল কবিতা । uchchhingkhal kobita। মানসী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

এ মুখের পানে চাহিয়া রয়েছ

                কেন গো অমন করে?

তুমি    চিনিতে নারিবে, বুঝিতে নারিবে মোরে।

আমি    কেঁদেছি হেসেছি, ভালো যে বেসেছি

                এসেছি যেতেছি সরে

                কী জানি কিসের ঘোরে।

          কোথা হতে এত বেদনা বহিয়া

                এসেছে পরান মম।

          বিধাতার এক অর্থবিহীন

                প্রলাপবচন-সম।

          প্রতিদিন যারা আছে সুখে দুখে

                আমি তাহাদের নই–

আমি    এসেছি নিমেষে, যাইব নিমেষ বই।

আমি    আমারে চিনি নে, তোমারে জানি নে,

                আমার আলয় কই!

          জগৎ বেড়িয়া নিয়মের পাশ,

                অনিয়ম শুধু আমি।

          বাসা বেঁধে আছে কাছে কাছে সবে,

          কত কাজ করে কত কলরবে,

          চিরকাল ধরে দিবস চলিছে

                দিবসের অনুগামী–

শুধু     আমি নিজবেগ সামালিতে নারি

                ছুটেছি দিবসযামী।

          প্রতিদিন বহে মৃদু সমীরণ,

                প্রতিদিন ফুটে ফুল।

          ঝড় শুধু আসে ক্ষণেকের তরে

                সৃজনের এক ভুল–

          দুরন্ত সাধ কাতর বেদনা

                ফুকারিয়া উভরায়

          আঁধার হইতে আঁধারে ছুটিয়া যায়।

          এ আবেগ নিয়ে কার কাছে যাব,

                নিতে কে পারিবে মোরে!

          কে আমারে পারে আঁকড়ি রাখিতে

                দুখানি বাহুর ডোরে!

আমি          কেবল কাতর গীত!

          কেহ বা শুনিয়া ঘুমায় নিশীথে,

                কেহ জাগে চমকিত।

          কত-যে বেদনা সে কেহ বোঝে না,

                কত-যে আকুল আশা,

          কত-যে তীব্র পিপাসাকাতর ভাষা।

 

ওগো         তোমরা জগৎবাসী,

          তোমাদের আছে বরষ বরষ

                দরশ-পরশ-রাশি–

          আমার কেবল একটি নিমেষ,

                তারি তরে ধেয়ে আসি।

          মহাসুন্দর একটি নিমেষ

                ফুটেছে কাননশেষে,

আমি    তারি পানে ধাই, ছিঁড়ে নিতে চাই,

          ব্যাকুল বাসনা-সংগীত গাই

          অসীমকালের আঁধার হইতে

                বাহির হইয়া এসে।

শুধু     একটি মুখের এক নিমেষের

                একটি মধুর কথা,

          তারি তরে বহি চিরদিবসের

                চিরমনোব্যাকুলতা।

          কালের কাননে নিমেষ লুটিয়া

                কে জানে চলেছি কোথা!

ওগো,  মিটে না তাহাতে মিটে না প্রাণের ব্যথা।

                অধিক সময় নাই।

          ঝড়ের জীবন ছুটে চলে যায়

                শুধু কেঁদে “চাই চাই”–

          যার কাছে আসি তার কাছে শুধু

                হাহাকার রেখে যাই।

          ওগো, তবে থাক্‌, যে যায় সে যাক–

                তোমরা দিয়ো না ধরা।

                আমি চলে যাব ত্বরা।

মোরে   কেহ কোরো ভয়, কেহ কোরো ঘৃণা,

                ক্ষমা কোরো যদি পারো!

          বিস্মিত চোখে ক্ষণেক চাহিয়া

                তার পরে পথ ছাড়ো!

          তার পরদিনে উঠিবে প্রভাত,

                ফুটিবে কুসুম কত,

          নিয়মে চলিবে নিখিল জগৎ

                প্রতিদিবসের মতো।

          কোথাকার এই শৃঙ্খল-ছেঁড়া

                সৃষ্টি-ছাড়া এ ব্যথা

          কাঁদিয়া কাঁদিয়া গাহিয়া গাহিয়া,

          অজানা আঁধার-সাগর বাহিয়া,

                মিশায়ে যাইবে কোথা!

          এক রজনীর প্রহরের মাঝে

                ফুরাবে সকল কথা।

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত