আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

গান শোনা কবিতা [ Gan Shona Kobita ] – রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

গান শোনা কবিতা [ Gan Shona Kobita ]

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : খেয়া [ ১৯০৬ ]

কবিতার শিরনামঃ গান শোনা

গান শোনা কবিতা [ Gan Shona Kobita ] -রবীন্দ্রনাথ ঠাকুর

আমার এ গান শুনবে তুমি যদি

       শোনাই কখন বলো।

  ভরা চোখের মতো যখন নদী

       করবে ছলছল,

  ঘনিয়ে যখন আসবে মেঘের ভার

       বহু কালের পরে,

  না যেতে দিন সজল অন্ধকার

       নামবে তোমার ঘরে,

  যখন তোমার কাজ কিছু নেই হাতে,

       তবুও বেলা আছে,

  সাথি তোমার আসত যারা রাতে

       আসে নি কেউ কাছে,

  তখন আমায় মনে পড়ে যদি

       গাইতে যদি বল–

  নবমেঘের ছায়ায় যখন নদী

       করবে ছলছল।

  ম্লান আলোয় দখিন-বাতায়নে

       বসবে তুমি একা–

  আমি গাব বসে ঘরের কোণে,

       যাবে না মুখ দেখা।

ফুরাবে দিন, আঁধার ঘন হবে,

       বৃষ্টি হবে শুরু–

  উঠবে বেজে মৃদুগভীর রবে

       মেঘের গুরুগুরু।

  ভিজে পাতার গন্ধ আসবে ঘরে,

       ভিজে মাটির বাস–

  মিলিয়ে যাবে বৃষ্টির ঝর্ঝরে

       বনের নিশ্বাস।

  বাদল-সাঁঝে আঁধার বাতায়নে

       বসবে তুমি একা–

  আমি গেয়ে যাব আপন-মনে,

       যাবে না মুখ দেখা।

 

  জলের ধারা ঝরবে দ্বিগুণ বেগে,

       বাড়বে অন্ধকার–

  নদীর ধারে বনের সঙ্গে মেঘে

       ভেদ রবে না আর।

  কাঁসর ঘণ্টা দূরে দেউল হতে

       জলের শব্দে মিশে

  আঁধার পথে ঝোড়ো হাওয়ার স্রোতে

       ফিরবে দিশে দিশে।

  শিরীষফুলের গন্ধ থেকে থেকে

       আসবে জলের ছাঁটে,

  উচ্চরবে পাইক যাবে হেঁকে

       গ্রামের শূন্য বাটে।

  জলের ধারা ঝরবে বাঁশের বনে,

       বাড়বে অন্ধকার–

  গানের সাথে বাদলা রাতের সনে

       ভেদ রবে না আর।

ও ঘর হতে যবে প্রদীপ জ্বেলে

         আনবে আচম্বিত

  সেতারখানি মাটির ‘পরে ফেলে

         থামাব মোর গীত।

  হঠাৎ যদি মুখ ফিরিয়ে তবে

         চাহ আমার পানে

  এক নিমিষে হয়তো বুঝে লবে

         কী আছে মোর গানে।

  নামায়ে মুখ নয়ন করে নিচু

         বাহির হয়ে যাব,

  একলা ঘরে যদি কোনো-কিছু

         আপন-মনে ভাব।

  থামিয়ে গান আমি চলে গেলে

         যদি আচম্বিত

  বাদল-রাতে আঁধারে চোখ মেলে

         শোন আমার গীত।

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত