আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

তোমরা এবং আমরা কবিতা । tomra abong amra kobita । সোনার তরী কাব্যগ্রন্থ । রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

তোমরা এবং আমরা কবিতাটি [ tomra abong amra kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর সোনার তরী কাব্যগ্রন্থের অংশ। সমগ্র গ্রন্থটি বাংলা কাব্যের অন্যতম শ্রেষ্ঠ রোম্যান্টিক কাব্য সংকলন। এটি ১৮৯৪ সালে প্রথম প্রকাশিত হয়। এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার “মানসী-সোনার তরী পর্ব”-এর অন্তর্গত একটি উল্লেখযোগ্য সৃষ্টি।
কাব্যগ্রন্থের নামঃ সোনার তরী
কবিতার নামঃ তোমরা এবং আমরা

তোমরা এবং আমরা কবিতা । tomra abong amra kobita । সোনার তরী কাব্যগ্রন্থ । রবীন্দ্রনাথ ঠাকুর

       তোমরা হাসিয়া বহিয়া চলিয়া যাও
            কুলুকুলুকল নদীর স্রোতের মতো।
   আমরা তীরেতে দাঁড়ায়ে চাহিয়া থাকি,
            মরমে গুমরি মরিছে কামনা কত।
   আপনা-আপনি কানাকানি কর সুখে,
   কৌতুকছটা উছসিছে চোখে মুখে,
   কমলচরণ পড়িছে ধরণী-মাঝে,
   কনকনূপুর রিনিকি ঝিনিকি বাঝে।
   অঙ্গে অঙ্গ বাঁধিছে রঙ্গপাশে,
            বাহুতে বাহুতে জড়িত ললিত লতা।
   ইঙ্গিতরসে ধ্বনিয়া উঠিছে হাসি,
            নয়নে নয়নে বহিছে গোপন কথা।
   আঁখি নত করি একেলা গাঁথিছ ফুল,
   মুকুর লইয়া যতনে বাঁধিছ চুল।
   গোপন হৃদয়ে আপনি করিছ খেলা,
   কী কথা ভাবিছ, কেমন কাটিছে বেলা।
   চকিতে পলকে অলক উড়িয়া পড়ে,
            ঈষৎ হেলিয়া আঁচল মেলিয়া যাও–
   নিমেষ ফেলিতে আঁখি না মেলিতে,ত্বরা
            নয়নের আড়ে না জানি কাহারে চাও।
   যৌবনরাশি টুটিতে লুটিতে চায়,
   বসনে শাসনে বাঁধিয়া রেখেছ তায়।
   তবু শতবার শতধা হইয়া ফুটে,
   চলিতে ফিরিতে ঝলকি চলকি উঠে।
   আমরা মূর্খ কহিতে জানি নে কথা,
            কী কথা বলিতে কী কথা বলিয়া ফেলি।
   অসময়ে গিয়ে লয়ে আপনার মন,
            পদতলে দিয়ে চেয়ে থাকি আঁখি মেলি।
   তোমরা দেখিয়া চুপি চুপি কথা কও,
   সখীতে সখীতে হাসিয়া অধীর হও,
   বসন-আঁচল বুকেতে টানিয়া লয়ে
   হেসে চলে যাও আশার অতীত হয়ে।
   আমরা বৃহৎ অবোধ ঝড়ের মতো
            আপন আবেগে ছুটিয়া চলিয়া আসি।
   বিপুল আঁধারে অসীম আকাশ ছেয়ে
      টুটিবারে চাহি আপন হৃদয়রাশি।
   তোমরা বিজুলি হাসিতে হাসিতে চাও,
   আঁধার ছেদিয়া মরম বিঁধিয়া দাও,
   গগনের গায়ে আগুনের রেখা আঁকি
  চকিতে চরণে চলে যাও দিয়ে ফাঁকি।
   অযতনে বিধি গড়েছে মোদের দেহ,
            নয়ন অধর দেয় নি ভাষায় ভরে।
   মোহন মধুর মন্ত্র জানি নে মোরা,
            আপনা প্রকাশ করিব কেমন করে?
   তোমরা কোথায় আমরা কোথায় আছি,
   কোনো সুলগনে হব না কি কাছাকাছি।
   তোমরা হাসিয়া বহিয়া চলিয়া যাবে,
   আমরা দাঁড়ায়ে রহিব এমনি ভাবে!

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত