আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

দিনশেষে কবিতা । dinsheshe Kobita । চিত্রা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

দিনশেষে কবিতা [ dinsheshe Kobita ] টি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর চিত্রা কাব্যগ্রন্থের অংশ।

কাব্যগ্রন্থের নামঃ চিত্রা

কবিতার নামঃ দিনশেষে

দিনশেষে কবিতা । dinsheshe Kobita । চিত্রা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

দিনশেষ হয়ে এল, আঁধারিল ধরণী,

          আর বেয়ে কাজ নাই তরণী।

     “হ্যাঁগো এ কাদের দেশে

     বিদেশী নামিনু এসে’

          তাহারে শুধানু হেসে যেমনি–

     অমনি কথা না বলি

     ভরা ঘট ছলছলি

          নতমুখে গেল চলি তরুণী।

          এ ঘাটে বাঁধিব মোর তরণী।

নামিছে নীরব ছায়া ঘনবনশয়নে,

          এ দেশ লেগেছে ভালো নয়নে।

     স্থির জলে নাহি সাড়া,

     পাতাগুলি গতিহারা,

          পাখি যত ঘুমে সারা কাননে–

     শুধু এ সোনার সাঁঝে

     বিজনে পথের মাঝে

          কলস কাঁদিয়া বাজে কাঁকনে।

          এ দেশ লেগেছে ভালো নয়নে।

ঝলিছে মেঘের আলো কনকের ত্রিশূলে,

          দেউটি জ্বলিছে দূরে দেউলে।

     শ্বেত পাথরেতে গড়া

     পথখানি ছায়া-করা

          ছেয়ে গেছে ঝরে-পড়া বকুলে।

     সারি সারি নিকেতন,

     বেড়া-দেওয়া উপবন,

          দেখে পথিকের মন আকুলে।

          দেউটি জ্বলিছে দূরে দেউলে।

 

রাজার প্রাসাদ হতে অতিদূর বাতাসে

          ভাসিছে পূরবীগীতি আকাশে।

     ধরণী সমুখপানে

     চলে গেছে কোন্‌খানে,

          পরান কেন কে জানে উদাসে।

     ভালো নাহি লাগে আর

     আসা-যাওয়া বারবার

          বহুদূর দুরাশার প্রবাসে।

          পূরবী রাগিণী বাজে আকাশে।

কাননে প্রাসাদচূড়ে নেমে আসে রজনী,

          আর বেয়ে কাজ নাই তরণী।

     যদি কোথা খুঁজে পাই

     মাথা রাখিবার ঠাঁই

          বেচাকেনা ফেলে যাই এখনি–

     যেখানে পথের বাঁকে

     গেল চলি নত আঁখে

          ভরা ঘট লয়ে কাঁখে তরুণী।

          এই ঘাটে বাঁধো মোর তরণী।

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত