আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

ধাবমান dhaboman [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

ধাবমান

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থের নামঃ পরিশেষ

কবিতার শিরনামঃ ধাবমান

 

ধাবমান dhaboman [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর

“যেয়ো না, যেয়ো না’ বলি কারে ডাকে ব্যর্থ এ ক্রন্দন।

           কোথা সে বন্ধন

      অসীম যা করিবে সীমারে।

সংসার যাবারই বন্যা, তীব্রবেগে চলে পরপারে

এ পারের সব-কিছু রাশি রাশি নিঃশেষে ভাসায়ে,

           কাঁদায়ে হাসায়ে।

অস্থির সত্তার রূপ ফুটে আর টুটে;

“নয় নয়’ এই বাণী ফেনাইয়া মুখরিয়া উঠে

      মহাকাল সমুদ্রের পরে।

 

           সেই স্বরে

রুদ্রের ডম্বরুধ্বনি বাজে

           অসীম অম্বর-মাঝে ট্ট

      “নয় নয় নয়’।

ওরে মন, ছাড়ো লোভ, ছাড়ো শোক, ছাড়ো ভয়।

সৃষ্টি নদী, ধারা তারি নিরন্ত প্রলয়।

যাবে সব যাবে চলে তবু ভালোবাসি–

চমকে বিনাশ-মাঝে অস্তিত্বের হাসি

           আনন্দের বেগে।

      মরণের বীণাতারে উঠে জেগে

           জীবনের গান;

      নিরন্তর ধাবমান

           চঞ্চল মাধুরী।

      ক্ষণে ক্ষণে উঠে স্ফুরি

           শাশ্বতের দীপশিখা

উজ্জ্বলিয়া মুহূর্তের মরীচিকা

অতল কান্নার স্রোত মাতার করুণ স্নেহ বয়,

      প্রিয়ের হৃদয়বিনিময়।

বিলোপের রঙ্গভূমে বীরের বিপুল বীর্যমদ

   ধরণীর সৌন্দর্যসম্পদ।

           অসীমের দান

ক্ষণিকের করপুটে,তার পরিমাণ

      সময়ের মাপে নহে।

কাল ব্যাপি রহে নাই রহে

      তবু সে মহান;

যতক্ষণ আছে তারে মূল্য দাও পণ করি প্রাণ।

 

      ধায় যবে বিদায়ের রথ

জয়ধ্বনি করি তারে ছেড়ে দাও পথ

      আপনারে ভুলি।

           যতটুকু ধূলি

      আজ তুমি করি অধিকার

তার মাঝে কী রহে না, তুচ্ছ সে বিচার।

           বিরাটের মাঝে

এক রূপে নাই হয়ে অন্য রূপে তাহাই বিরাজে।

      ছেড়ে এসো আপনার অন্ধকূপ,

মুক্তাকাশে দেখো চেয়ে প্রলয়ের আনন্দস্বরূপ।

      ওরে শোকাতুর, শেষে

শোকের বুদ্‌বুদ্‌ তোর অশোক-সমুদ্রে যাবে ভেসে?

আরও দেখুনঃ

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত