আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

নববধূ কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর । মহুয়া [ ১৯২৯ ]

Table of Content

নববধূ কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : মহুয়া [ ১৯২৯ ]

কবিতার শিরোনামঃ নববধূ

নববধূ কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর । মহুয়া [ ১৯২৯ ]

চলেছে উজান ঠেলি তরণী তোমার,

                দিক্‌প্রান্তে নামে অন্ধকার।

কোন্‌ গ্রামে যাবে তুমি,কোন্‌ ঘাটে হে বধূবেশিনী,

                ওগো বিদেশিনী!

উৎসবের বাঁশিখানি কেন-যে কে জানে

ভরেছে দিনান্তবেলা ম্লান মূলতানে,

তোমারে পরাল সাজ মিলি সখীদল

                গোপনে মুছিয়া চক্ষুজল।

মৃদুস্রোত নদীখানি ক্ষীণ কলকলে

                স্তিমিত বাতাসে যেন বলে–

“কত বধূ গিয়েছিল কতকাল এই স্রোত বাহি

                তীরপানে চাহি।

ভাগ্যের বিধাতা কোনো কহেন নি কথা,

নিস্তব্ধ ছিলেন চেয়ে লজ্জাভয়ে নতা

তরুণী কন্যার পানে, তরী ‘পরে ছিলেম গোপনে

                তরুণীর কাণ্ডারীর সনে।’

কোন্‌ টানে জানা হতে অজানায় চলে

                আধো হাসি আধো অশ্রুজলে।

ঘর ছেড়ে দিয়ে তবে ঘরখানি পেতে হয় তারে

                অচেনার ধারে।

ওপারের গ্রাম দেখো আছে ওই চেয়ে,

বেলা ফুরাবার আগে চলো তরী বেয়ে,

ওই ঘাটে কত বধূ কত শত বর্ষ বর্ষ ধরি

                ভিড়ায়েছে ভাগ্যভীরু তরী।

জনে জনে রচি গেল কালের কাহিনী,

                অনিত্যের নিত্যপ্রবাহিনী।

জীবনের ইতিবৃত্তে নামহীন কর্ম-উপহার

                রেখে গেল তার।

আপনার প্রাণসূত্রে যুগ যুগান্তর

গেঁথে গেঁথে চলে গেল না রাখি স্বাক্ষর,

ব্যথা যদি পেয়ে থাকে না রহিল কোনো তার ক্ষত,

                লভিল মৃত্যুর সদাব্রত।

তাই আজি গোধূলির নিস্তব্ধ আকাশ

                পথে তব বিছাল আশ্বাস।

কহিল সে কানে কানে, প্রাণ দিয়ে ভরা যার বুক

                সেই তার সুখ।

রয়েছে কঠোর দুঃখ রয়েছে বিচ্ছেদ,

তবু দিন পূর্ণ হবে, রহিবে না খেদ

যদি বলে যাও বধূ, “আলো দিয়ে জ্বেলেছিনু আলো,

                সব দিয়ে বেসেছিনু ভালো।’

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত