আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

Table of Content

পত্র ১

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : কড়ি ও কোমল

কবিতার শিরনামঃ পত্র ১

পত্র ১ potro 1 [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

শ্রীমতী ইন্দিরা প্রাণাধিকাসু

স্টীমার । খুলনা

মাগো আমার লক্ষ্ণী,

মনিষ্যি না পক্ষী!

এই ছিলেম তরীতে,

কোথায় এনু ত্বরিতে!

কাল ছিলেম খুলনায়,

তাতে তো আর ভুল নাই,

কলকাতায় এসেছি সদ্য,

বসে বসে লিখছি পদ্য।

তোদের ফেলে সারাটা দিন

          আছি অমন এক রকম,

খোপে বসে পায়রা যেন

          করছি কেবল বক্‌বকম!

বৃষ্টি পড়ে টাপুর টুপুর

          মেঘ করেছে আকাশে,

উষার রাঙা মুখখানি গো

          কেমন যেন ফ্যাকাশে!

বাড়িতে যে কেউ কোথা নেই

          দুয়োরগুলো ভেজানো,

ঘরে ঘরে খুঁজে বেড়াই

          ঘরে আছে কে যেন!

পক্ষীটি সেই ঝুপসি হয়ে

          ঝিমচ্ছে রে খাঁচাতে,

ভুলে গেছে নেচে নেচে

          পুচ্ছটি তার নাচাতে।

ঘরের কোণে আপন মনে

          শূন্য পড়ে বিছেনা,

কাহার তরে কেঁদে মরে

          সে কথাটা মিছে না!

বইগুলো সব ছড়িয়ে প’ড়ে

          নাম লেখা তায় কার গো!

এমনি তারা রবে কি রে

          খুলবে না কেউ আর গো!

এটা আছে সেটা আছে

          অভাব কিছুই নেই তো,

স্মরণ করে দেয় রে যারে

          থাকে নাতো সেই তো!

বাগানে ওই দুটো গাছে

          ফুল ফুটেছে রাশি রাশি,

ফুলের গন্ধে মনে পড়ে

          ফুল কে আমায় দিত মেলা,

বিছেনায় কার মুখটি দেখে

          সকাল হত সকালবেলা!

জল থেকে তুই আসবি কবে

          মাটির লক্ষ্ণী মাটিতে

ঠাকুরবাবুর ছয় নম্বর

          জোড়াসাঁকোর বাটীতে!

 

ইস্টিম ওই রে ফুরিয়ে এল

          নোঙর তবে ফেলি অদ্য।

অবিদিত নেই তো তোমার

          রবিকাকা কুঁড়ের হদ্দ!

আজকে নাকি মেঘ করেছে

          ঠেকছে কেমন ফাঁকা-ফাঁকা,

তাই খানিকটা ফোঁসফোঁসিয়ে

          বিদায় হল–

                             রবিকাকা।

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত