আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

পদ্মা কবিতা । podma kobita | চৈতালী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

পদ্মা কবিতাটি [ podma kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর  এর চৈতালী-কাব্যগ্রন্থের অংশ। এটি আশ্বিন, ১৩০৩ (১৮৯৬ খ্রীস্টাব্দ) বঙ্গাব্দে প্রকাশিত হয়। এতে সর্বমোট ৭৮টি কবিতা রয়েছে। এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার “চিত্রা-চৈতালি পর্ব”-এর অন্তর্গত একটি উল্লেখযোগ্য সৃষ্টি।

কাব্যগ্রন্থের নামঃ চৈতালী

কবিতার নামঃ পদ্মা

পদ্মা কবিতা । podma kobita | চৈতালী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

হে পদ্মা আমার,

তোমায় আমায় দেখা শত শত বার।

একদিন জনহীন তোমার পুলিনে,

গোধূলির শুভলগ্নে হেমন্তের দিনে,

সাক্ষী করি পশ্চিমের সূর্য অস্তমান

তোমারে সঁপিয়াছিনু আমার পরান।

অবসানসন্ধ্যালোকে আছিলে সেদিন

নতমুখী বধূসম শান্ত বাক্যহীন;

সন্ধ্যাতারা একাকিনী সস্নেহ কৌতুকে

চেয়ে ছিল তোমাপানে হাসিভরা মুখে।

সেদিনের পর হতে, হে পদ্মা আমার,

তোমায় আমায় দেখা শত শত বার।

 

নানা কর্মে মোর কাছে আসে নানা জন,

নাহি জানে আমাদের পরানবন্ধন,

নাহি জানে কেন আসি সন্ধ্যা-অভিসারে

বালুকা শয়ন-পাতা নির্জন এ পারে।

যখন মুখর তব চক্রবাকদল

সুপ্ত থাকে জলাশয়ে ছাড়ি কোলাহল,

যখন নিস্তব্ধ গ্রামে তব পূর্বতীরে

রুদ্ধ হয়ে যায় দ্বার কুটিরে কুটিরে,

তুমি কোন্‌ গান কর আমি কোন্‌ গান

দুই তীরে কেহ তার পায় নি সন্ধান।

নিভৃতে শরতে গ্রীষ্মে শীতে বরষায়

শত বার দেখাশুনা তোমায় আমায়।

 

কতদিন ভাবিয়াছি বসি তব তীরে

পরজন্মে এ ধরায় যদি আসি ফিরে,

যদি কোনো দূরতর জন্মভূমি হতে

তরী বেয়ে ভেসে আসি তব খরস্রোতে–

কত গ্রাম কত মাঠ কত ঝাউঝাড়

কত বালুচর কত ভেঙে-পড়া পাড়

পার হয়ে এই ঠাঁই আসিব যখন

জেগে উঠিবে না কোনো গভীর চেতন?

জন্মান্তরে শতবার যে নির্জন তীরে

গোপন হৃদয় মোর আসিত বাহিরে,

আর বার সেই তীরে সে সন্ধ্যাবেলায়

হবে না কি দেখাশুনা তোমায় আমায়?

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত