আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

বর্ষামঙ্গল borshamongol [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

বর্ষামঙ্গল borshamongol [ কবিতা ]

– রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : কল্পনা [ ১৯৫২ ]

কবিতার শিরোনামঃ বর্ষামঙ্গল

বর্ষামঙ্গল borshamongol [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর

ঐ আসে ঐ  অতি ভৈরব  হরষে

জলসিঞ্চিত ক্ষিতিসৌরভরভসে

     ঘনগৌরবে নবযৌবনা বরষা

         শ্যামগম্ভীর সরসা।

গুরুগর্জনে নীল অরণ্য শিহরে,

উতলা কলাপী কেকাকলরবে বিহরে।

         নিখিলচিত্তহরষা

ঘনগৌরবে আসিছে মত্ত বরষা।

কোথা তোরা অয়ি তরুণী পথিকললনা,

জনপদবধূ তড়িৎচকিতনয়না,

     মালতীমালিনী কোথা প্রিয়পরিচারিকা,

         কোথা তোরা অভিসারিকা!

ঘনবনতলে এসো ঘননীলবসনা,

ললিত নৃত্যে বাজুক স্বর্ণরশনা,

         আনো বীণা মনোহারিকা।

     কোথা বিরহিণী, কোথা তোরা অভিসারিকা!

আনো মৃদঙ্গ, মুরজ, মুরলী মধুরা,

বাজাও শঙ্খ, হুলুরব করো বধূরা–

     এসেছে বরষা, ওগো নব-অনুরাগিণী,

         ওগো প্রিয়সুখভাগিনী!

কুঞ্জকুটিরে, অয়ি ভাবাকুললোচনা,

ভূর্জপাতায় নব গীত করো রচনা

         মেঘমল্লার-রাগিণী।

     এসেছে বরষা, ওগো নব-অনুরাগিণী!

কেতকীকেশরে কেশপাশ করো সুরভি,

ক্ষীণ কটিতটে গাঁথি লয়ে পরো করবী,

     কদম্বরেণু বিছাইয়া দাও শয়নে,

         অঞ্জন আঁকো নয়নে।

তালে তালে দুটি কঙ্কণ কনকনিয়া

ভবনশিখীরে নাচাও গনিয়া গনিয়া

         স্মিতবিকশিত বয়নে,

কদম্বরেণু বিছাইয়া ফুলশয়নে।

স্নিগ্ধসজল মেঘকজ্জল দিবসে

বিবশ প্রহর অচল অলস আবেশে,

     শশীতারাহীনা অন্ধতামসী যামিনী–

         কোথা তোরা পুরকামিনী!

আজিকে দুয়ার রুদ্ধ ভবনে ভবনে,

জনহীন পথ কাঁদিছে ক্ষুব্ধ পবনে,

         চমকে দীপ্ত দামিনী–

     শূন্যশয়নে কোথা জাগে পুরকামিনী!

যূথীপরিমল আসিছে সজল সমীরে,

ডাকিছে দাদুরী তমালকুঞ্জতিমিরে,

     জাগো সহচরী, আজিকার নিশি ভুলো না–

         নীপশাখে বাঁধো ঝুলনা।

কুসুমপরাগ ঝরিবে ঝলকে ঝলকে,

অধরে অধরে মিলন অলকে অলকে–

         কোথা পুলকের তুলনা।

নীপশাখে সখী ফুলডোরে বাঁধো ঝুলনা।

এসেছে বরষা, এসেছে নবীনা বরষা,

গগন ভরিয়া এসেছে ভুবনভরসা–

     দুলিছে পবনে সনসন বনবীথিকা,

         গীতিময় তরুলতিকা।

শতেক যুগের কবিদলে মিলি আকাশে

ধ্বনিয়া তুলিছে মত্তমদির বাতাসে

         শতেক যুগের গীতিকা–

     শতশতগীতমুখরিত বনবীথিকা।

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত