আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

বর্ষা নেমেছে প্রান্তরে অনিমন্ত্রণে borsha nemechhe prantore [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

বর্ষা নেমেছে প্রান্তরে অনিমন্ত্রণে

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : শেষ সপ্তক [ ১৯৩৫  ]

কবিতার শিরনামঃ বর্ষা নেমেছে প্রান্তরে অনিমন্ত্রণে

বর্ষা নেমেছে প্রান্তরে অনিমন্ত্রণে borsha nemechhe prantore [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

বর্ষা নেমেছে প্রান্তরে অনিমন্ত্রণে;

ঘনিয়েছে সার-বাঁধা তালের চূড়ায়,

রোমাঞ্চ দিয়েছে বাঁধের কালো জলে।

বর্ষা নামে হৃদয়ের দিগন্তে

যখন পারি তাকে আহ্বান করতে।

কিছুকাল ছিলেম বিদেশে।

সেখানকার শ্রাবণের ভাষা

আমার প্রাণের ভাষার সঙ্গে মেলেনি।

তার অভিষেক হল না

আমার অন্তরপ্রাঙ্গণে।

সজল মেঘ-শ্যামলের

সঞ্চরণ থেকে বঞ্চিত জীবনে

কিছু শীর্ণতা রয়ে গেল

বনস্পতির অঙ্গের আয়তি

ঐ তো দেয় বাড়িয়ে

বছরে বছরে;

তার কাষ্ঠফলকে চক্রচিহ্নে স্বাক্ষর যায় রেখে।

তেমনি ক’রে প্রতি বছরে বর্ষার আনন্দ

আমার মজ্জার মধ্যে রসসম্পদ

কিছু যোগ করে।

 

প্রতিবার রঙের প্রলেপ লাগে

জীবনের পটভূমিকায়

নিবিড়তর ক’রে;

বছরে বছরে শিল্পকারের

অঙ্গুরি-মুদ্রার গুপ্ত সংকেত

অঙ্কিত হয় অন্তর-ফলকে।

নিরালায়  জানলার কাছে বসেছি যখন

নিষ্কর্মা প্রহরগুলো নিঃশব্দ চরণে

কিছু দান রেখে গেছে আমার দেহলিতে;

জীবনের গুপ্ত ধনের ভাণ্ডারে

পুঞ্জিত হয়েছে বিস্মৃত মুহূর্তের সঞ্চয়।

বহু বিচিত্রের কারুকলায় চিত্রিত

এই আমার সমগ্র সত্তা

তার সমস্ত সঞ্চয় সমস্ত পরিচয় নিয়ে

কোনো যুগে কি কোনো দিব্যদৃষ্টির সম্মুখে

পরিপূর্ণ অবারিত হবে?

তার সকল তপস্যায় সে চেয়েছে

গোচরতাকে;

বলেছে, যেমন বলে গোধূলির অস্ফুট তারা,

বলেছে, যেমন বলে নিশান্তের অরুণ আভাস,–

“এস প্রকাশ, এস।”

কবে প্রকাশ হবে পূর্ণ,

আপনি প্রত্যক্ষ হব আপনার আলোতে

বধূ যেমন সত্য ক’রে জানে আপনাকে,

সত্য ক’রে জানায়,

যখন প্রাণে জাগে তার প্রেম,

যখন দুঃখকে পারে সে গলার হার করতে,

যখন দৈন্যকে দেয় সে মহিমা,

যখন মৃত্যুতে ঘটে না তার অসমাপ্তি।

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত