আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

বৃক্ষরোপণ উৎসব brikkhoropon utsob [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

বৃক্ষরোপণ উৎসব

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : পুনশ্চ [ ১৯৩২ ]

কবিতার শিরনামঃ বৃক্ষরোপণ উৎসব

বৃক্ষরোপণ উৎসব brikkhoropon utsob [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর

১

মরুবিজয়ের কেতন উড়াও শূন্যে,

          হে প্রবল প্রাণ।

ধূলিরে ধন্য করো করুণার পুণ্যে,

          হে কোমল প্রাণ।

মৌনী মাটির মর্মের গান কবে

উঠিবে ধ্বনিয়া মর্মর তব রবে,

মাধুরী ভরিবে ফুলে ফলে পল্লবে,

          হে মোহন প্রাণ।

পথিকবন্ধু, ছায়ার আসন পাতি

          এসো শ্যাম সুন্দর,

এসো বাতাসের অধীর খেলার  সাথী,

          মাতাও নীলাম্বর।

উষায় জাগাও শাখায় গানের আশা,

সন্ধ্যায় আনো বিরামগভীর ভাষা,

রচি দাও রাতে সুপ্তগীতের বাসা,

          হে উদার প্রাণ।

২

আয় আমাদের অঙ্গনে,

          অতিথি বালক তরুদল,

মানবের স্নেহসঙ্গ নে,

          চল্‌, আমাদের ঘরে চল্‌।

শ্যামবঙ্কিম ভঙ্গিতে

চঞ্চল কলসংগীতে

দ্বারে নিয়ে আয় শাখায় শাখায়

          প্রাণ-আনন্দ-কোলাহল।

তোদের নবীন পল্লবে

          নাচুক আলোক সবিতার,

দে পবনে বনবল্লভে

          মর্মর গীত উপহার।

আজি শ্রাবণের বর্ষণে

আশীর্বাদের স্পর্শ নে,

পড়ুক মাথায় পাতায় পাতায়

          অমরাবতীর ধারাজল।

ক্ষিতি

বক্ষের ধন হে ধরণী,ধরো

          ফিরে নিয়ে তব বক্ষে।

শুভদিনে এরে দীক্ষিত করো

          আমাদের চিরসখ্যে।

অন্তরে পাক কঠিন শক্তি,

          কোমলতা ফুলে পত্রে,

পক্ষিসমাজে পাঠাক পত্রী

          তোমার অন্নসত্রে।

অপ

হে মেঘ, ইন্দ্রের ভেরি বাজাও গম্ভীর মন্দ্রস্বনে

মেদুর অম্বরতলে।  আনন্দিত প্রাণের স্পন্দনে

জাগুক এ শিশুবৃক্ষ। মহোৎসবে লহো এরে ডেকে।

বনের সৌভাগ্যদিনে ধরণীর বর্ষা অভিষেকে।

তেজ

সৃষ্টির প্রথম বাণী তুমি, হে আলোক;

এ নব তরুতে তব শুভদৃষ্টি হোক।

একদা প্রচুর পুষ্পে হবে সার্থকতা

উহার প্রচ্ছন্ন প্রাণে রাখো সেই কথা।

স্নিগ্ধ পল্লবের তলে তব তেজ ভরি

হোক তব জয়ধ্বনি শতবর্ষ ধরি।

 

মরুৎ

হে পবন কর নাই গৌণ,

       আষাঢ়ে বেজেছে তব বংশী।

তাপিত নিকুঞ্জের মৌন

       নিশ্বাসে দিলে তুমি ধ্বংসি।

এ তরু খেলিবে তব সঙ্গে,

       সংগীত দিয়ো এরে ভিক্ষা।

দিয়ো তব ছন্দের রঙ্গে

       পল্লবহিল্লোল শিক্ষা।

ব্যোম

আকাশ, তোমার সহাস উদার দৃষ্টি

মাটির গভীরে জাগায় রূপের সৃষ্টি।

তব আহ্বানে এই তো শ্যামলমূর্তি

আলোক-অমৃতে খুঁজিছে প্রাণের পূর্তি।

দিয়েছ সাহস, তাই তব নীলবর্ণে

বর্ণ মিলায় আপন হরিৎপর্ণে।

তরুতরুণেরে করুণায় করো ধন্য,

দেবতার স্নেহ পায় যেন এই বন্য।

মাঙ্গলিক

প্রাণের পাথেয় তব পূর্ণ হোক হে শিশু চিরায়ু,

বিশ্বের প্রসাদস্পর্শে শক্তি দিক সুধাসিক্ত বায়ু।

হে বালকবৃক্ষ, তব উজ্জ্বল কোমল কিশলয়

আলোক করিয়া পান ভান্ডারেতে করুক সঞ্চয়

প্রচ্ছন্ন প্রশান্ত তেজ।  লয়ে তব কল্যাণকামনা

শ্রাবণবর্ষণযজ্ঞে তোমারে করিনু অভ্যর্থনা।–

থাকো প্রতিবেশী হয়ে, আমাদের বন্ধু হয়ে থাকো।

মোদের প্রাঙ্গণে ফেলো ছায়া, পথের কঙ্কর ঢাকো

কুসুমবর্ষণে; আমাদের বৈতালিক বিহঙ্গমে

শাখায় আশ্রয় দিয়ো; বর্ষে বর্ষে পুষ্পিত উদ্যমে

অভিনন্দনের গন্ধ মিলাইয়ো বর্ষাগীতিকায়

সন্ধ্যাবন্দনার গানে। মোদের নিকুঞ্জবীথিকায়

মঞ্জুল মর্মরে তব ধরিত্রীর অন্তঃপুর হতে

প্রাণমাতৃকায় মন্ত্র উচ্ছ্বসিবে সূর্যের আলোতে।

শত বর্ষ হবে গত, রেখে যাব আমাদের প্রীতি

শ্যামল লাবণ্যে তব।  সে যুগের নূতন অতিথি

বসিবে তোমার ছায়ে।  সেদিন বর্ষণমহোৎসবে

আমাদের নিমন্ত্রণ পাঠাইয়ো তোমার সৌরভে

দিকে দিকে বিশ্বজনে।  আজি এই আনন্দের দিন

তোমার পল্লবপুঞ্জে পুষ্পে তব হোক মৃত্যুহীন।

রবীন্দ্রের কন্ঠ হতে এ সংগীত তোমার মঙ্গলে

মিলিল মেঘের মন্দ্রে, মিলিল কদম্বপরিমলে।

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত