আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

মুদিত আলোর কমল কলিকাটিরে mudit alor komol kolikatire [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

মুদিত আলোর কমল কলিকাটিরে mudit alor komol kolikatire [ কবিতা ]

– রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : গীতালি [ ১৯১৪ ]

কবিতার শিরোনামঃ মুদিত আলোর কমল কলিকাটিরে

মুদিত আলোর কমল কলিকাটিরে mudit alor komol kolikatire [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর

     মুদিত আলোর কমল-কলিকাটিরে

                রেখেছে সন্ধ্যা আঁধার-পর্ণপুটে

          উতরিবে যবে নব-প্রভাতের তীরে

                তরুণ কমল আপনি উঠিবে ফুটে।

উদয়াচলের সে তীর্থপথে আমি

চলেছি একেলা সন্ধ্যার অনুগামী,

                দিনান্ত মোর দিগন্তে পড়ে লুটে।

            সেই প্রভাতের স্নিগ্ধ সুদূর গন্ধ

                  আঁধার বাহিয়া রহিয়া রহিয়া আসে।

            আকাশে যে গান ঘুমাইছে নিঃস্পন্দ

                  তারাদীপগুলি কাঁপিছে তাহারি শ্বাসে।

  অন্ধকারের বিপুল গভীর আশা,

  অন্ধকারের ধ্যাননিমগ্ন ভাষা

                  বাণী খুঁজে ফিরে আমার চিত্তাকাশে।

            জীবনের পথ দিনের প্রান্তে এসে

                  নিশীথের পানে গহনে হয়েছে হারা।

            অঙ্গুলি তুলি তারাগুলি অনিমেষে

                  মাভৈঃ বলিয়া নীরবে দিতেছে সাড়া।

  ম্লান দিবসের শেষের কুসুম তুলে

  এ কূল হইতে নবজীবনের কূলে

                  চলেছি আমার যাত্রা করিতে সারা।

            হে মোর সন্ধ্যা, যাহা-কিছু ছিল সাথে

                  রাখিনু তোমার অঞ্চলতলে ঢাকি।

            আঁধারের সাথি, তোমার করুণ হাতে

                  বাঁধিয়া দিলাম আমার হাতের রাখি।

  কত যে প্রাতের আশা ও রাতের গীতি,

  কত যে সুখের স্মৃতি ও দুখের প্রীতি–

                  বিদায়বেলায় আজিও রহিল বাকি।

                  যা-কিছু পেয়েছি, যাহা-কিছু গেল চুকে,

                        চলিতে চলিতে পিছে যা রহিল পড়ে,

                  যে মণি দুলিল যে ব্যথা বিঁধিল বুকে,

                        ছায়া হয়ে যাহা মিলায় দিগন্তরে–

  জীবনের ধন কিছুই যাবে না ফেলা–

  ধুলায় তাদের যত হোক অবহেলা,

                        পূর্ণের পদ-পরশ তাদের ‘পরে।

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত