আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

শেষ উপহার কবিতা । shesh upohar kobita | মানসী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

শেষ উপহার কবিতা [shesh upohar kobita ] টি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর মানসী কাব্যগ্রন্থের অংশ।

কাব্যগ্রন্থের নামঃ মানসী 

কবিতার নামঃ শেষ উপহার

শেষ উপহার কবিতা । shesh upohar kobita | মানসী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

আমি রাত্রি, তুমি ফুল। যতক্ষণ ছিলে কুঁড়ি

জাগিয়া চাহিয়া ছিনু আঁধার আকাশ জুড়ি

সমস্ত নক্ষত্র নিয়ে, তোমারে লুকায়ে বুকে।

যখন ফুটিলে তুমি সুন্দর তরুণ মুখে

তখনি প্রভাত এল, ফুরালো আমার কাল;

আলোকে ভাঙিয়া গেল রজনীর অন্তরাল।

এখন বিশ্বের তুমি; গুন্‌ গুন্‌ মধুকর

চারি দিকে তুলিয়াছে বিস্ময়ব্যাকুল স্বর;

গাহে পাখি, বহে বায়ু; প্রমোদহিল্লোলধারা

নবস্ফুট জীবনেরে করিতেছে দিশাহারা।

এত আলো, এত সুখ, এত গান, এত প্রাণ

ছিল না আমার কাছে, আমি করেছিনু দান

শুধু নিদ্রা, শুধু শান্তি, সযতন নীরবতা,

শুধু চেয়ে-থাকা আঁখি, শুধু মনে মনে কথা।

 

আর কি দিই নি কিছু? প্রলুব্ধ প্রভাত যবে

চাহিল তোমার পানে, শত পাখি শত রবে

ডাকিল তোমার নাম, তখন পড়িল ঝ’রে

আমার নয়ন হতে তোমার নয়ন-‘পরে

একটি শিশিরকণা। চলে গেনু পরপার।

সেই বিষাদের বিন্দু, বিদায়ের উপহার

প্রখর প্রমোদ হতে রাখিবে শীতল ক’রে

তোমার তরুণ মুখ; রজনীর অশ্রু-‘পরে

পড়ি প্রভাতের হাসি দিবে শোভা অনুপম,

বিকচ সৌন্দর্য তব করিবে সুন্দরতম।

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত