সন্ধ্যায় কবিতা [sandhyay kobita ] টি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর মানসী–কাব্যগ্রন্থের অংশ।
কাব্যগ্রন্থের নামঃ মানসী
কবিতার নামঃ সন্ধ্যায়
সন্ধ্যায় কবিতা । sandhyay kobita | মানসী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
ওগো তুমি, অমনি সন্ধ্যার মতো হও।
সুদূর পশ্চিমাচলে কনক-আকাশতলে
অমনি নিস্তব্ধ চেয়ে রও।
অমনি সুন্দর শান্ত অমনি করুণ কান্ত
অমনি নীরব উদাসিনী,
ওইমতো ধীরে ধীরে আমার জীবনতীরে
বারেক দাঁড়াও একাকিনী।
জগতের পরপারে নিয়ে যাও আপনারে
দিবসনিশার প্রান্তদেশে।
থাক্ হাস্য-উৎসব, না আসুক কলরব
সংসারের জনহীন শেষে।
এস তুমি চুপে চুপে শ্রান্তিরূপে নিদ্রারূপে,
এস তুমি নয়ন-আনত।
এস তুমি ম্লান হেসে দিবাদগ্ধ আয়ুশেষে
মরণের আশ্বাসের মতো।
আমি শুধু চেয়ে থাকি অশ্রুহীন শ্রান্ত-আঁখি,
পড়ে থাকি পৃথিবীর ‘পরে–
খুলে দাও কেশভার, ঘনস্নিগ্ধ অন্ধকার
মোরে ঢেকে দিক স্তরে স্তরে।
রাখো এ কপালে মম নিদ্রার আবেশ-সম
হিমস্নিগ্ধ করতলখানি।
বাক্যহীন স্নেহভরে অবশ দেহের ‘পরে
অঞ্চলের প্রান্ত দাও টানি।
তার পরে পলে পলে করুণার অশ্রুজলে
ভরে যাক নয়নপল্লব।
সেই স্তব্ধ আকুলতা গভীর বিদায়ব্যথা
কায়মনে করি অনুভব।

![আমার সকল অঙ্গে তোমার পরশ – Amar sokol onge tomar porosh [ নৈবেদ্য – ৭৫ ] আমার সকল অঙ্গে তোমার পরশ - Amar sokol onge tomar porosh [ নৈবেদ্য - ৭৫ ]](https://amarrabindranath.com/wp-content/uploads/2023/01/আমার-সকল-অঙ্গে-তোমার-পরশ-1024x536.gif)




![মানসী কাব্যগ্রন্থের ‘বিদায়’ কবিতা — রবীন্দ্রনাথ ঠাকুর 3 বিদায় কবিতা [ মানসী কাব্যগ্রন্থ | - রবীন্দ্রনাথ ঠাকুর [ Biday Kobita by Rabindranath Tagore ]](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/বিদায়-কবিতা-1024x536.gif)


![মুসলমানীর গল্প musalmanir golpo [ ছোটগল্প, গল্পগুচ্ছ ] রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমানীর গল্প musalmanir golpo [ ছোটগল্প, গল্পগুচ্ছ ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/মুসলমানীর-গল্প-1024x536.gif)