আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

স্মৃতির ভূমিকা smritir bhumika [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

স্মৃতির ভূমিকা

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : সানাই [ ১৯৪০ ]

কবিতার শিরনামঃ স্মৃতির-ভূমিকা

স্মৃতির ভূমিকা smritir bhumika [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর

আজি এই মেঘমুক্ত সকালের স্নিগ্ধ নিরালায়

     অচেনা গাছের যত ছিন্ন ছিন্ন ছায়ার ডালায়

                   রৌদ্রপুঞ্জ আছে ভরি।

               সারাবেলা ধরি

          কোন্‌ পাখি আপনারি সুরে কুতূহলী

আলস্যের পেয়ালায় ঢেলে দেয় অস্ফুট কাকলি।

                   হঠাৎ কী হল মতি,

               সোনালি রঙের প্রজাপতি

                        আমার রূপালি চুলে

                   বসিয়া রয়েছে পথ ভুলে।

          সাবধানে থাকি, লাগে ভয়,

                   পাছে ওর জাগাই সংশয়–

ধরা প’ড়ে যায় পাছে, আমি নই গাছের দলের,

          আমার বাণী সে নহে ফুলের ফলের।

     চেয়ে দেখি, ঘন হয়ে কোথা নেমে গেছে ঝোপঝাড়;

                    সম্মুখে পাহাড়

          আপনার অচলতা ভুলে থাকে বেলা-অবেলায়,

হামাগুড়ি দিয়ে চলে দলে দলে মেঘের খেলায়।

               হোথা শুষ্ক জলধারা

          শব্দহীন রচিছে ইশারা

     পরিশ্রান্ত নিদ্রিত বর্ষার। নুড়িগুলি

বনের ছায়ার মধ্যে অস্থিসার প্রেতের অঙ্গুলি

     নির্দেশ করিছে তারে যাহা নিরর্থক,

          নির্ঝরিণী-সর্পিণীর দেহচ্যুত ত্বক্‌।

                   এখনি এ আমার দেখাতে

     মিলায়েছে শৈলশ্রেণী তরঙ্গিত নীলিম রেখাতে

আপন অদৃশ্য লিপি। বাড়ির সিঁড়ির ‘পরে

                   স্তরে স্তরে

     বিদেশী ফুলের টব, সেথা জেরেনিয়মের গন্ধ

                  শ্বসিয়া নিয়েছে মোর ছন্দ।

          এ চারিদিকের এই-সব নিয়ে সাথে

     বর্ণে গন্ধে বিচিত্রিত একটি দিনের ভূমিকাতে

এটুকু রচনা মোর বাণীর যাত্রায় হোক পার

     যে ক’দিন তার ভাগ্যে সময়ের আছে অধিকার।

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত