আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

অস্পষ্ট কবিতা | osposhto kobita | নবজাতক কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

অস্পষ্ট কবিতাটি [ osposhto kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর নবজাতক কাব্যগ্রন্থের অংশ।

অস্পষ্ট

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থের নামঃ নবজাতক

কবিতার নামঃ অস্পষ্ট

 

 

অস্পষ্ট কবিতা | osposhto kobita | নবজাতক কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

আজি ফাল্গুনে দোলপূর্ণিমারাত্রি,

     উপছায়া-চলা বনে বনে মন

            আবছা পথের যাত্রী।

ঘুম-ভাঙানিয়া জোছনা–

     কোথা থেকে যেন আকাশে কে বলে,

            “একটুকু কাছে বোসো না।’

ফিস্‌ফিস্‌ করে পাতায় পাতায়,

          উস্‌খুস্‌ করে হাওয়া।

ছায়ার আড়ালে গন্ধরাজের

          তন্দ্রাজড়িত চাওয়া।

চন্দনিদহে থইথই জল

          ঝিক্‌ঝিক্‌ করে আলোতে,

জামরুলগাছে ফুলকাটা কাজে

          বুনুনি সাদায় কালোতে।

প্রহরে প্রহরে রাজার ফটকে

          বহুদূরে বাজে ঘণ্টা।

 

জেগে উঠে বসে ঠিকানা-হারানো

          শূন্য-উধাও মনটা।

বুঝিতে পারি নে কত কী শব্দ–

          মনে হয় যেন ধারণা,

রাতের বুকের ভিতরে কে করে

          অদৃশ্য পদচারণা।

গাছগুলো সব ঘুমে ডুবে আছে,

          তন্দ্রা তারায় তারায়,

কাছের পৃথিবী স্বপ্নপ্লাবনে

          দূরের প্রান্তে হারায়।

রাতের পৃথিবী ভেসে উঠিয়াছে

          বিধির নিশ্চেতনায়,

আভাস আপন ভাষার পরশ

          খোঁজে সেই আনমনায়।

রক্তের দোলে যে-সব বেদনা

          স্পষ্ট বোধের বাহিরে

ভাবনাপ্রবাহে বুদ্‌বুদ্‌ তারা,

          স্থির পরিচয় নাহি রে।

প্রভাত-আলোক আকাশে আকাশে

          এ চিত্র দিবে মুছিয়া,

পরিহাসে তব অবচেতনার

          বঞ্চনা যাবে ঘুচিয়া।

 

 

 

চেতনার জালে এ মহাগহনে

          বস্তু যা-কিছু টিঁকিবে,

সৃষ্টি তারেই স্বীকার করিয়া

          স্বাক্ষর তাহে লিখিবে।

তবু কিছু মোহ, কিছু কিছু ভুল

          জাগ্রত সেই প্রাপণার

প্রাণতন্তুতে রেখায় রেখায়

          রঙ রেখে যাবে আপনার।

এ জীবনে তাই রাত্রির দান

          দিনের রচনা জড়ায়ে

চিন্তা-কাজের ফাঁকে ফাঁকে সব

          রয়েছে ছড়ায়ে ছড়ায়ে।

বুদ্ধি যাহারে মিছে বলে হাসে

          সে যে সত্যের মূলে

আপন গোপন রসসঞ্চারে

          ভরিছে ফসলে ফুলে।

অর্থ পেরিয়ে নিরর্থ এসে

          ফেলিছে রঙিন ছায়া–

বাস্তব যত শিকল গড়িছে,

          খেলেনা গড়িছে মায়া।

আরও দেখুনঃ 

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত