আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

১৪০০ সাল কবিতা । 1400 sal kobita | চিত্রা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

১৪০০ সাল কবিতা [ 1400 sal kobita ] টি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর চিত্রা কাব্যগ্রন্থের অংশ।

কাব্যগ্রন্থের নামঃ চিত্রা

কবিতার নামঃ ১৪০০ সাল

১৪০০ সাল কবিতা । 1400 sal kobita | চিত্রা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

 আজি হতে শতবর্ষ পরে

কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি

      কৌতূহলভরে–

   আজি হতে শতবর্ষ পরে।

আজি নববসন্তের প্রভাতের আনন্দের

      লেশমাত্র ভাগ–

আজিকার কোনো ফুল, বিহঙ্গের কোনো গান,

   আজিকার কোনো রক্তরাগ

অনুরাগে সিক্ত করি পারিব না পাঠাইতে

      তোমাদের করে

   আজি হতে শতবর্ষ পরে।

তবু তুমি একবার খুলিয়া দক্ষিণদ্বার

      বসি বাতায়নে

সুদূর দিগন্তে চাহি কল্পনায় অবগাহি

      ভেবে দেখো মনে–

   একদিন শতবর্ষ আগে

চঞ্চল পুলকরাশি কোন্‌ স্বর্গ হতে ভাসি

   নিখিলের মর্মে আসি লাগে–

নবীন ফাল্গুনদিন সকল বন্ধনহীন

      উন্মত্ত অধীর–

উড়ায়ে চঞ্চল পাখা পুষ্পরেণুগন্ধমাখা

      দক্ষিণসমীর–

সহসা আসিয়া ত্বরা রাঙায়ে দিয়েছে ধরা

      যৌবনের রাগে

   তোমাদের শতবর্ষ আগে।

 

সেদিন উতলা প্রাণে, হৃদয় মগন গানে,

      কবি এক জাগে–

কত কথা পুষ্পপ্রায় বিকশি তুলিতে চায়

      কত অনুরাগে

   একদিন শতবর্ষ আগে।

   আজি হতে শতবর্ষ পরে

এখন করিছে গান সে কোন্‌ নূতন কবি

      তোমাদের ঘরে?

আজিকার বসন্তের আনন্দ-অভিবাদন

   পাঠায়ে দিলাম তাঁর করে।

আমার বসন্তগান তোমার বসন্তদিনে

   ধ্বনিত হউক ক্ষণতরে

হৃদয়স্পন্দনে তব ভ্রমরগুঞ্জনে নব

      পল্লবমর্মরে

   আজি হতে শতবর্ষ পরে।

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত