ইস্টেশন কবিতাটি [ isteshon kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর নবজাতক কাব্যগ্রন্থের অংশ।
ইস্টেশন
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থের নামঃ নবজাতক
কবিতার নামঃ ইস্টেশন
ইস্টেশন কবিতা | isteshon kobita | নবজাতক কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
সকাল বিকাল ইস্টেশনে আসি,
চেয়ে চেয়ে দেখতে ভালবাসি।
ব্যস্ত হয়ে ওরা টিকিট কেনে,
ভাঁটির ট্রেনে কেউ-বা চড়ে
কেউ-বা উজান ট্রেনে।
সকাল থেকে কেউ-বা থাকে বসে,
কেউ-বা গাড়ি ফেল্ করে তার
শেষ-মিনিটের দোষে।
দিনরাত গড়্গড়্ ঘড়্ঘড়্,
গাড়িভরা মানুষের ছোটে ঝড়।
ঘন ঘন গতি তার ঘুরবে
কভু পশ্চিমে, কভু পূর্বে।
চলচ্ছবির এই-যে মূর্তিখানি
মনেতে দেয় আনি
নিত্য-মেলার নিত্য-ভোলার ভাষা–
কেবল যাওয়া-আসা।
মঞ্চতলে দণ্ডে পলে
ভিড় জমা হয় কত–
পতাকাটা দেয় দুলিয়ে,
কে কোথা হয় গত।
এর পিছনে সুখদুঃখ-
ক্ষতিলাভের তাড়া
দেয় সবলে নাড়া।
সময়ের ঘড়িধরা অঙ্কেতে
ভোঁ ভোঁ ক’রে বাঁশি বাজে সংকেতে।
দেরি নাহি সয় কারো কিছুতেই
কেহ যায়, কেহ থাকে পিছুতেই।
ওদের চলা ওদের পড়ে-থাকায়
আর কিছু নেই, ছবির পরে
কেবল ছবি আঁকায়।
খানিকক্ষণ যা চোখে পড়ে
তার পরে যায় মুছে,
আত্ম-অবহেলার খেলা
নিত্যই যায় ঘুচে।
ছেঁড়া পটের টুকরো জমে
পথের প্রান্ত জুড়ে,
তপ্ত দিনের ক্লান্ত হাওয়ায়
কোন্খানে যায় উড়ে।
“গেল গেল’ ব’লে যারা
ফুকরে কেঁদে ওঠে
ক্ষণেক-পরে কান্না-সমেত
তারাই পিছে ছোটে।
ঢং ঢং বেজে ওঠে ঘণ্টা,
এসে পড়ে বিদায়ের ক্ষণটা।
মুখ রাখে জানলায় বাড়িয়ে,
নিমেষেই নিয়ে যায় ছাড়িয়ে।
চিত্রকরের বিশ্বভুবনখানি–
এই কথাটাইনিলেম মনে মানি।
কর্মকারের নয় এ গড়া-পেটা–
আঁকড়ে ধরার জিনিস এ নয়,
দেখার জিনিস এটা।
কালের পরে যায় চলে কাল,
হয় না কভু হারা
ছবির বাহন চলাফেরার ধারা।
দুবেলা সেই এ সংসারের
চলতি ছবি দেখা,
এই নিয়ে রই যাওয়া-আসাআর
ইস্টেশনে একা।
এক তুলি ছবিখানা এঁকে দেয়,
আর তুলি কালি তাহে মেখে দেয়।
আসে কারা এক দিক হতে ঐ,
ভাসে কারা বিপরীত স্রোতে ঐ।
আরও দেখুনঃ









![দর্পহরণ ছোটগল্প, গল্পগুচ্ছ [ dorpohoron ] রবীন্দ্রনাথ ঠাকুর দর্পহরণ ছোটগল্প, গল্পগুচ্ছ [ dorpohoron ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/দর্পহরণ-ছোটগল্প-1024x536.gif)
![প্রকৃতি পর্ব ১৬ – মধ্যদিনে যবে গান [ Madhyadine Jobe Gan Gaan ] প্রকৃতি পর্ব ১৬ - মধ্যদিনে যবে গান [ Madhyadine Jobe Gan Gaan ]](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/06/মধ্যদিনে-যবে-গান-1024x576.gif)
![আর নহে আর নয় [ পূজা ৩৮৩ ] Ar nohe ar noy আর নহে আর নয় , পূজা ৩৮৩ | Ar nohe ar noy](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/10/আর-নহে-আর-নয়-1024x536.gif)