আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

পরিত্যক্ত parityakta [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

পরিত্যক্ত parityakta [ কবিতা ]

– রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : সন্ধ্যা সঙ্গীত

কবিতার শিরোনামঃ পরিত্যক্ত parityakta

পরিত্যক্ত parityakta [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

    চলে গেল, আর কিছু  নাই কহিবার।

    চলে গেল, আর কিছু নাই গাহিবার।

    শুধু গাহিতেছে আর শুধু কাঁদিতেছে

       দীনহীন হৃদয় আমার, শুধু বলিতেছে,

   “চলে গেল সকলেই চলে গেল গো,

     বুক শুধু ভেঙে গেল দ’লে গেল গো।”

     বসন্ত চলিয়া গেলে বর্ষা কেঁদে কেঁদে বলে,

     “ফুল গেল, পাখি গেল–

    আমি শুধু রহিলাম, সবই গেল গো।”

    দিবস ফুরালে রাতি স্তব্ধ হয়ে রহে,

       শুধু কেঁদে কহে,

    “দিন গেল, আলো গেল, রবি গেল গো–

    কেবল একেলা আমি, সবই গেল গো।”

    উত্তরবায়ুর সম     প্রাণের বিজনে মম

    কে যেন কাঁদিছে শুধু

    “চলে গেল, চলে গেল,

    সকলেই চলে গেল গো।”

    উৎসব ফুরায়ে গেলে           ছিন্ন শুষ্ক মালা

          পড়ে থাকে হেথায় হোথায়–

    তৈলহীন শিখাহীন ভগ্ন দীপগুলি

          ধুলায় লুটায়–

    একবার ফিরে কেহ দেখে নাকো ভুলি,

          সবে চলে যায়।

    পুরানো মলিন ছিন্ন বসনের মতো

          মোরে ফেলে গেল,

    কাতর নয়নে চেয়ে রহিলাম কত–

          সাথে না লইল।

    তাই প্রাণ গাহে শুধু, কাঁদে শুধু, কহে শুধু,

          “মোরে ফেলে গেল,

    সকলেই মোরে ফেলে গেল,

          সকলেই চলে গেল গো।”

    একবার ফিরে তারা চেয়েছিল কি?

          বুঝি চেয়েছিল।

    একবার ভুলে তারা কেঁদেছিল কি?

          বুঝি কেঁদেছিল।

          বুঝি ভেবেছিল–

    লয়ে যাই–নিতান্ত কি একেলা কাঁদিবে?

          তাই বুঝি ভেবেছিল।

          তাই চেয়েছিল।

          তার পরে? তার পরে!

          তার পরে বুঝি হেসেছিল।

    একফোঁটা অশ্রুবারি মুহূর্তেই শুকাইল।

          তার পরে? তার পরে!

          চলে গেল।

          তার পরে? তার পরে!

ফুল গেল, পাখি গেল, আলো গেল, রবি গেল,

                   সবাই গেল, সবই গেল গো–

হৃদয় নিশ্বাস ছাড়ি কাঁদিয়া কহিল,

“সকলেই চলে গেল গো,

আমারেই ফেলে গেল গো।”

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত