আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

সুখের বিলাপsukher bilaap [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

সুখের বিলাপsukher bilaap [ কবিতা ]

– রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : সন্ধ্যা সঙ্গীত

কবিতার শিরোনামঃ সুখের বিলাপ

সুখের বিলাপsukher bilaap [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

        অবশ নয়ন নিমীলিয়া

        সুখ কহে নিশ্বাস ফেলিয়া,

        “এমন জোছনা সুমধুর,

        বাঁশরি বাজিছে দূর দূর,

        যামিনীর হসিত নয়নে

        লেগেছে মৃদুল, ঘুমঘোর।

        নদীতে উঠেছে মৃদু ঢেউ,

        গাছেতে নড়িছে মৃদু পাতা,

        লতায় ফুটিয়া ফুল দুটি

        পাতায় লুকায় তার মাথা

        মলয় সুদূর বনভূমে

        কাঁপায়ে গাছের ছায়াগুলি

        লাজুক ফুলের মুখ হতে

        ঘোমটা দিতেছে খুলি খুলি।

        এমন মধুর রজনীতে

             একেলা রয়েছি বসিয়া,

        যামিনীর হৃদয় হইতে

             জোছনা পড়িছে খসিয়া।”

        হৃদয়ে একেলা শুয়ে শুয়ে

        সুখ শুধু এই গান গায়,

        “নিতান্ত একেলা আমি যে

        কেহ, কেহ, কেহ নাই হায়।”

        আমি তারে শুধাইনু গিয়া,

        “কেন, সুখ, কার কর আশা?”

        সুখ শুধু কাঁদিয়া কহিল,

        “ভালোবাসা, ভালোবাসা গো।

        সকলি, সকলি হেথা আছে–

        কুসুম ফুটেছে গাছে গাছে,

        আকাশে তারকা রাশি রাশি,

        জোছনা ঘুমায় হাসি হাসি।

        সকলি, সকলি হেথা আছে-

        সেই  শুধু, সেই শুধু নাই,

        ভালোবাসা নাই শুধু কাছে।”

        অবশ নয়ন নিমীলিয়া

        সুখ কহে নিশ্বাস ফেলিয়া,

       “এই  তটিনীর ধারে, এই শুভ্র জোছ্‌নায়,

        এই  কুসুমিত বনে, এই বসন্তের বায়,

        কেহ মোর নাই একেবারে,

        তাই সাধ গেছে কাঁদিবারে।

        তাই সাধ যায় মনে মনে–

        মিশাব এ যামিনীর সনে,

        কিছুই রবে না আর প্রাতে,

        শিশির রহিবে পাতে পাতে।

        সাধ যায় মেঘটির মতো

        কাঁদিয়া মরিয়া গিয়া আজি

        অশ্রুজলে হই পরিণত।”

        সুখ বলে, “এ জন্ম ঘুচায়ে

        সাধ যায় হইতে বিষাদ।”

        “কেন সুখ, কেন হেন সাধ?”

        “নিতান্ত একা যে আমি গো

        কেহ যে, কেহ যে নাই মোর।”

        “সুখ, কারে চায় প্রাণ তোর?

        সুখ, কার করিস রে আশা?”

        সুখ শুধু কেঁদে কেঁদে বলে,

        “ভালোবাসা, ভালোবাসা গো।”

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত