আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

হৃদয়ের গীতধ্বনি hridayer geetidwani[ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

হৃদয়ের গীতধ্বনি hridayer geetidwani[ কবিতা ]

– রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : সন্ধ্যা সঙ্গীত

কবিতার শিরোনামঃ হৃদয়ের গীতধ্বনি

হৃদয়ের গীতধ্বনি hridayer geetidwani[ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

হৃদয়ের গীতধ্বনি

    ও কী সুরে গান গাস, হৃদয় আমার?

    শীত নাই গ্রীষ্ম নাই, বসন্ত শরৎ নাই,

    দিন নাই রাত্রি নাই — অবিরাম অনিবার

    ও কী সুরে গান গাস, হৃদয় আমার?

    বিরলে বিজন বনে     বসিয়া আপন মনে

    ভূমি-পানে চেয়ে চেয়ে, একই গান গেয়ে গেয়ে–

    দিন যায়, রাত যায়, শীত যায়, গ্রীষ্ম যায়,

        তবু গান ফুরায় না আর?

    মাথায় পড়িছে পাতা, পড়িছে শুকানো ফুল,

    পড়িছে শিশিরকণা, পড়িছে রবির কর,

    পড়িছে বরষা-জল ঝরঝর ঝরঝর,

    কেবলি মাথার ‘পরে      করিতেছে সমস্বরে

    বাতাসে শুকানো পাতা মরমর মরমর–

    বসিয়া বসিয়া সেথা, বিশীর্ণ মলিন প্রাণ

    গাহিতেছে একই গান একই গান একই গান।

    পারি নে শুনিতে আর একই গান একই গান।

    কখন থামিবি তুই, বল্‌ মোরে বল্‌ প্রাণ!

            একেলা ঘুমায়ে আছি–

            সহসা স্বপন টুটি

            সহসা জাগিয়া উঠি

            সহসা শুনিতে পাই

           হৃদয়ের এক ধারে

            সেই স্বর ফুটিতেছে,

            সেই গান উঠিতেছে–

            কেহ শুনিছে না যবে

            চারি দিকে স্তব্ধ সবে

    সেই স্বর সেই গান অবিরাম অবিশ্রাম

    অচেতন আঁধারের শিরে শিরে চেতনা  সঞ্চারে।

    দিবসে মগন কাজে, চারি দিকে দলবল,

            চারি দিকে কোলাহল।

    সহসা পাতিলে কান   শুনিতে পাই সে গান,

        নানাশব্দময় সেই জনকোলাহল।

    তাহারি প্রাণের মাঝে      একমাত্র শব্দ বাজে–

    এক সুর, এক ধ্বনি,  অবিরাম অবিরল–

    যেন সে কোলাহলের হৃদয়ম্পন্দন-ধ্বনি–

    সমস্ত ভুলিয়া যাই, বসে বসে তাই গনি।

    ঘুমাই বা জেগে থাকি, মনের দ্বারের কাছে

    কে যেন বিষণ্ণ প্রাণী  দিনরাত বসে আছে–

        চিরদিন করিতেছে বাস,

    তারি শুনিতেছি যেন নিশ্বাস-প্রশ্বাস।

    এ প্রাণের ভাঙা ভিতে স্তব্ধ দ্বিপ্রহরে

    ঘুঘু এক বসে বসে গায় একস্বরে,

            কে জানে কেন সে গান গায়।

    বলি সে কাতর স্বরে স্তব্ধতা কাঁদিয়া মরে,

            প্রতিধ্বনি করে হায়-হায়।

    হৃদয় রে, আর কিছু শিখিলি নে তুই,

            শুধু ওই গান!

    প্রকৃতির শত শত রাগিণীর মাঝে

            শুধু ওই তান!

        তবে থাম্‌ থাম্‌ ওরে প্রাণ,

    পারি নে শুনিতে আর একই গান, একই গান।

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত