আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

কেন গান গাই kena gaan gaai [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

কেন গান গাই kena gaan gaai [ কবিতা ]-

কাব্যগ্রন্থ : সন্ধ্যা সঙ্গীত

কবিতার শিরোনামঃ কেন গান গাই

কেন গান গাই kena gaan gaai [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

গুরুভার মন লয়ে                  কত বা বেড়াবি ব’য়ে?

                   এমন কি কেহ তোর নাই,

যাহার হৃদয়-‘পরে                 মিলিবে মুহূর্ত তরে

          হৃদয়টি রাখিবার ঠাঁই?

          “কেহ না, কেহ না!’

          সংসারে যে দিকে ফিরে চাই

          এমন কি কেহ তোর নাই–

তোর দিন শেষ হলে,             স্মৃতিখানি লয়ে কোলে,

          শোয়াইয়া বিষাদের কোমল শয়নে,

বিমল শিশির-মাখা                 প্রেম-ফুলে দিয়ে ঢাকা

          চেয়ে রবে আনত নয়নে?

          হৃদয়েতে রেখে দিবে তুলে,

          প্রতিদিন ঢেকে দিবে ফুলে,

মনোমাঝে প্রবেশিয়ে               বিন্দু বিন্দু অশ্রু দিয়ে

          বৃন্ত-ছিন্ন প্রেম-ফুলগুলি

          রাখিবেক জিয়াইয়া তুলি?

          এমন কি কেহ তোর নাই?

          “কেহ না, কেহ না!’

প্রাণ তুই খুলে দিলি              ভালোবাসা বিলাইলি

          কেহ তাহা তুলে না লইল,

          ভূমিতলে পড়িয়া রহিল;

          ভালোবাসা কেন দিলি তবে

          কেহ যদি কুড়ায়ে না লবে?

               কেন সখা কেন?

               “জানি না, জানি না!’

বিজনে বনের মাঝে                ফুল এক আছে ফুটে

          শুধাইতে গেনু তার কাছে,

“ফুল, তুই এ আঁধারে  পরিমল দিস কারে,

          এ কাননে কে বা তোর আছে!

               যখন পড়িবি তুই ঝরে,

শুকাইয়া দলগুলি                  ধূলিতে হইবে ধূলি,

          মনে কি করিবে কেহ তোরে!

তবে কেন পরিমল                 ঢেলে দিস অবিরল

          ছোটো মনখানি ভ’রে ভ’রে?

               কেন, ফুল, কেন?

          সেও বলে, “জানি না। জানি না!’

          সখা, তুমি গান গাও কেন?

          কেহ যদি শুনিতে না চায়?

কেন গান গাই kena gaan gaai [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর

ওই দেখো পথমাঝে               যে যাহার নিজ কাজে

          আপনার মনে চলে যায়।

          কেহ যদি শুনিতে না চায়

          কেন তবে, কেন গাও গান,

আকাশে ঢালিয়া দাও প্রাণ?

গান তব ফুরাইবে যবে,

রাগিণী কারো কি মনে রবে?

          বাতাসেতে স্বরধার                খেলিয়াছে অনিবার,

                   বাতাসে সমাধি তার হবে।

কাহারো মনেও নাহি রবে,

কেন সখা গান গাও তবে?

   কেন, সখা, কেন?

      “জানি না, জানি না!’

          বিজন তরুর শাখে                 একাকি পাখিটি ডাকে,

                   শুধাইতে গেনু তার কাছে,

          “পাখি তুই এ আঁধারে            গান শুনাইবি কারে?

                   এ কাননে কে বা তোর আছে!

যখনি ফুরাবে তোর প্রাণ,

যখনি থামিবে তোর গান,

বন ছিল যেমন নীরবে,

তেমনি নীরব পুন হবে।

          যেমনি থামিবে গীত,              অমনি সে সচকিত

                   প্রতিধ্বনি আকাশে মিলাবে,

                   তোর গান তোরি সাথে যাবে!

                   আকাশে ঢালিয়া দিয়া প্রাণ,

                   তবে, পাখি, কেন গাস গান?

                        কেন, পাখি, কেন?

                   সেও বলে, “জানি না, জানি না!’

Amar Rabindranath Logo

 

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত