আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

কেন গান শুনাই kena gaan shunaai[ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

কেন গান শুনাই kena gaan shunaai[ কবিতা ]-

রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : সন্ধ্যা সঙ্গীত

কবিতার শিরোনামঃ কেন গান শুনাই

কেন গান শুনাই kena gaan shunaai[ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

    এসো সখি, এসো মোর কাছে,

                   কথা এক শুধাবার আছে!

          চেয়ে তব মুখপানে ব’সে এই ঠাঁই–

          প্রতিদিন যত গান তোমারে শুনাই,

          বুঝিতে কি পার সখি কেন যে তা গাই?

          শুধু কি তা পশে কানে? কথাগুলি তার

          কোথা হতে উঠিতেছে ভাবো একবার?

                   বুঝ না কি হৃদয়ের

                             কোন্‌খানে শেল ফুটে

                   তবে প্রতি কথাগুলি

                             আর্তনাদ করি উঠে!

          যখন নয়নে উঠে বিন্দু অশ্রুজল,

          তখন কি তাই তুই দেখিস কেবল?

দেখ না কি কী সমুদ্র হৃদয়েতে উথলিছে,

শুধু কণামাত্র তার আঁখিপ্রান্তে বিগলিছে!

          যখন একটি শুধু উঠে রে নিশ্বাস,

          তখন কি তাই শুধু শুনিবারে পাস?

শুনিস না কী ঝটিকা হৃদয়ে বেড়ায় ছুটে

          একটি উচ্ছ্বাস শুধু বাহিরেতে ফুটে!

          যে কথাটি বলি আমি শোনো শুধু তাই?

          শোনো না কি যত কথা বলা হইল না?

                   যত কথা বলিবারে চাই?

               আমি কি শুনাই গান

               ভালো মন্দ করিতে বিচার?

          যবে এ নয়ন হতে বহে অশ্রুধার–

               শুধু কি রে দেখিবি তখন

          সে অশ্রু উজ্জ্বল কি না হীরার মতন?

আমার এ গান তোরে যখন শুনাই

নিন্দা বা প্রশংসা আমি কিছু নাহি চাই–

                   যে হৃদি দিয়েছি তোরে

          তাই তোরে দেখাবারে চাই,

          তারি ভাষা বুঝাবারে চাই,

          তারি ব্যথা জানাবারে চাই,

                   আর কিবা চাই?

          সেই হৃদি দেখিলি যখন,

          তারি ভাষা বুঝিলি যখন,

          তারি ব্যথা জানিলি যখন

  তখন একটি বিন্দু অশ্রুবারি চাই!

          (আর কিবা চাই! )

          আয় সখি কাছে মোর আয়,

          কথা এক শুধাব তোমায়–

  এত গান শুনালেম এত অনুরাগে

          কথা তার বুকে কি লো লাগে?

          একটি নিশ্বাস কি লো জাগে?

  কথা শুধু শুনিয়া কি যাস?

          ভালো মন্দ বুঝিস কেবল?

          প্রাণের ভিতর হতে

          উঠে না একটি অশ্রুজল?

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত