আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

Table of Content

স্রোত

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : প্রভাত সংগীত

কবিতার শিরনামঃ স্রোত 

স্রোত srot [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

জগৎ-স্রো’তে ভেসে চলো, যে যেথা আছ ভাই!

চলেছে যেথা রবি শশী চল্‌ রে সেথা যাই।

কোথায় চলে কে জানে তা, কোথায় যাবে শেষে,

জগৎ-স্রো’ত বহে গিয়ে কোন্‌ সাগরে মেশে।

অনাদি কাল চলে স্রো’ত অসীম আকাশেতে,

উঠেছে মহা কলরব অসীমে যেতে যেতে।

উঠিছে ঢেউ, পড়ে ঢেউ, গনিবে কেবা কত!

ভাসিছে শত গ্রহ তারা, ডুবিছে শত শত।

ঢেউয়ের ‘পরে খেলা করে আলোকে আঁধারেতে,

জলের কোলে লুকাচুরি জীবনে মরণেতে–।

শতেক কোটি গ্রহ তারা যে স্রো’তে তৃণপ্রায়

সে স্রোত-মাঝে অবহেলে ঢালিয়া দিব কায়,

অসীম কাল ভেসে যাব অসীম আকাশেতে,

জগৎ- কলকলরব শুনিব কান  পেতে।

দেখিব ঢেউ–উঠে ঢেউ, দেখিব মিশে যায়,

জীবন-মাঝে উঠে ঢেউ মরণ-গান গায়।

দেখিব চেয়ে চারি দিকে, দেখিব তুলে মুখ–

কত-না আশা, কত হাসি, কত-না সুখ দুখ,

বিরাগ দ্বেষ ভালোবাসা, কত-না হায়-হায়–

তপন ভাসে, তারা ভাসে, তা’রাও ভেসে যায়।

কত-না যায়, কত চায়, কত-না কাঁদে হাসে–

আমি তো শুধু ভেসে যাব, দেখিব চারি পাশে।

অবোধ ওরে, কেন মিছে করিস “আমি আমি’।

উজানে যেতে পারিবি কি সাগরপথগামী?

জগৎ-পানে যাবি নে রে, আপনা-পানে যাবি–

সে যে রে মহামরুভূমি, কী জানি কী যে পাবি।

মাথায় করে আপনারে, সুখ-দুখের বোঝা,

ভাসিতে চাস প্রতিকূলে– সে তো রে নহে সোজা ।

 

 

অবশ দেহ, ক্ষীণ বল, সঘনে বহে শ্বাস,

লইয়া তোর সুখ-দুখ এখনি পাবি নাশ।

জগৎ হয়ে রব আমি, একেলা রহিব না।

মরিয়া যাব একা হলে একটি জলকণা।

আমার নাহি সুখ দুখ, পরের পানে চাই–

যাহার পানে চেয়ে দেখি তাহাই হয়ে যাই।

তপন ভাসে, তারা ভাসে, আমিও যাই ভেসে–

তাদের গানে আমার গান, যেতেছি এক দেশে।

প্রভাত সাথে গাহি গান, সাঁঝের সাথে গাই,

তারার সাথে উঠি আমি–তারার সাথে যাই।

ফুলের সাথে ফুটি আমি, লতার সাথে নাচি,

বায়ুর সাথে ঘুরি শুধু ফুলের কাছাকাছি।

মায়ের প্রাণে স্নেহ হয়ে শিশুর পানে ধাই,

দুখীর সাথে কাঁদি আমি সুখীর সাথে গাই।

সবার সাথে আছি আমি, আমার সাথে নাই,

জগৎ-স্রোতে দিবানিশি ভাসিয়া চলে যাই।

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত