আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

আজ শরতের আলোয় aj shoroter aloy [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

আজ শরতের আলোয়

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : শেষ সপ্তক [ ১৯৩৫  ]

কবিতার শিরনামঃ আজ শরতের আলোয়

আজ শরতের আলোয় aj shoroter aloy [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

আজ শরতের আলোয় এই যে চেয়ে দেখি

মনে হয় এ যেন আমার প্রথম দেখা।

আমি দেখলেম নবীনকে,

প্রতিদিনের ক্লান্ত চোখ

যার দর্শন হারিয়েছে।

কল্পনা করছি,–

অনাগত যুগ থেকে

তীর্থযাত্রী আমি

ভেসে এসেছি মন্ত্রবলে।

উজান স্বপ্নের স্রোতে

পৌঁছলেম এই মুহূর্তেই

বর্তমান শতাব্দীর ঘাটে।

কেবলি তাকিয়ে আছি উৎসুক চোখে।

আপনাকে দেখছি আপনার বাইরে,–

অন্যযুগের অজানা আমি

অভ্যস্ত পরিচয়ের পরপারে।

তাই তাকে নিয়ে এত গভীর কৌতূহল।

যার দিকে তাকাই

চক্ষু তাকে আঁকড়িয়ে থাকে

পুষ্পলগ্ন ভ্রমরের মতো।

আমার নগ্নচিত্ত আজ মগ্ন হয়েছে

সমস্তের মাঝে।

জনশ্রুতির মলিন হাতের দাগ লেগে

যার রূপ হয়েছে অবলুপ্ত,

যা পরেছে তুচ্ছতার মলিন চীর

তার সে জীর্ণ উত্তরীয় আজ গেল খ’সে।

 

দেখা দিল সে অস্তিত্বের পূর্ণ মূল্যে।

দেখা দিল সে অনির্বচনীয়তায়।

যে বোবা আজ পর্যন্ত ভাষা পায়নি

জগতের সেই অতি প্রকাণ্ড উপেক্ষিত

আমার সামনে খুলেছে তার অচল মৌন,

ভোর-হয়ে-ওঠা বিপুল রাত্রির প্রান্তে

প্রথম চঞ্চল বাণী জাগল যেন।

আমার এতকালের কাছের জগতে

আমি ভ্রমণ করতে বেরিয়েছি দূরের পথিক।

তার আধুনিকের ছিন্নতার ফাঁকে ফাঁকে

দেখা দিয়েছে চিরকালের রহস্য।

সহমরণের বধূ

বুঝি এমনি ক’রেই দেখতে পায়

মৃত্যুর ছিন্নপর্দার ভিতর দিয়ে

নূতন চোখে

চিরজীবনের অম্লান স্বরূপ।

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত