আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

আতার বিচি atar bichi [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

আতার বিচি

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : ছড়ার ছবি [ ১৯৩৭ ]

কবিতার শিরনামঃ আতার বিচি

আতার বিচি atar bichi [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর

আতার-বিচি নিজে পুঁতে পাব তাহার ফল,

দেখব ব’লে ছিল মনে বিষম কৌতূহল।

       তখন আমার বয়স ছিল নয়,

অবাক লাগত কিছুর থেকে কেন কিছুই হয়।

দোতলাতে পড়ার ঘরের বারান্দাটা বড়ো,

ধুলো বালি একটা কোণে করেছিলুম জড়ো।

সেথায় বিচি পুঁতেছিলুম অনেক যত্ন করে,

গাছ বুঝি আজ দেখা দেবে, ভেবেছি রোজ ভোরে।

জানলাটার পূর্বধারে টেবিল ছিল পাতা,

সেইখানেতে পড়া চলত; পুঁথিপত্র খাতা

রোজ সকালে উঠত জমে দুর্ভাবনার মতো;

পড়া দিতেন, পড়া নিতেন মাস্টার মন্মথ।

পড়তে পড়তে বারে বারে চোখ যেত ঐ দিকে,

গোল হত সব বানানেতে, ভুল হত সব ঠিকে।

অধৈর্য অসহ্য হত, খবর কে তার জানে

কেন আমার যাওয়া-আসা ঐ কোণটার পানে।

 

দু মাস গেল, মনে আছে, সেদিন শুক্রবার–

অঙ্কুরটি দেখা দিল নবীন সুকুমার।

অঙ্ক-কষার বারান্দাতে চুনসুরকির কোণে

অপূর্ব সে দেখা দিল, নাচ লাগালো মনে।

আমি তাকে নাম দিয়েছি আতা গাছের খুকু,

ক্ষণে ক্ষণে দেখতে যেতেম, বাড়ল কতটুকু।

দুদিন বাদেই শুকিয়ে যেত সময় হলে তার,

এ জায়গাতে স্থান নাহি ওর করত আবিষ্কার;

কিন্তু যেদিন মাস্টার ওর দিলেন মৃত্যুদণ্ড,

কচিকচি পাতার কুঁড়ি হল খণ্ড খণ্ড,

আমার পড়ার ত্রুটির জন্যে দায়ী করলেন ওকে,

বুক যেন মোর ফেটে গেল, অশ্রু ঝরল চোখে।

 

দাদা বললেন, কী পাগলামি, শান-বাঁধানো মেঝে,

হেথায় আতার বীজ লাগানো ঘোর বোকামি এ যে।

আমি ভাবলুম সারা দিনটা বুকের ব্যথা নিয়ে,

বড়োদের এই জোর খাটানো অন্যায় নয় কি এ।

মূর্খ আমি ছেলেমানুষ, সত্য কথাই সে তো,

একটু সবুর করলেই তা আপনি ধরা যেত।

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত