আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

Table of Content

মাকাল

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : ছড়ার ছবি [ ১৯৩৭ ]

কবিতার শিরনামঃ মাকাল 

মাকাল makal [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর

গৌরবর্ণ নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল,

জন্ম তাহার হয়েছিল, সেই যে-বছর আকাল।

       গুরুমশায় বলেন তারে,

       “বুদ্ধি যে নেই একেবারে;

  দ্বিতীয়ভাগ করতে সারা ছ’মাস ধরে নাকাল।”

  রেগেমেগে বলেন, “বাঁদর, নাম দিনু তোর মাকা’ল।”

  নামটা শুনে ভাবলে প্রথম বাঁকিয়ে যুগল ভুরু;

  তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু।

         হঠাৎ ছেলের মাতন দেখি

         সবাই তাকে শুধায়, এ কী!

  সকলকে সে জানিয়ে দিল, নাম দিয়েছেন গুরু–

  নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরুদুরু।

  কোলের ‘পরে বসিয়ে দাদা বললে কানে-কানে,

  “গুরুমশায় গাল দিয়েছেন, বুঝিসনে তার মানে!”

         রাখাল বলে, “কখ্‌খোনো না,

         মা যে আমায় বলেন সোনা,

  সেটা তো গাল নয় সে কথা পাড়ার সবাই জানে।

  আচ্ছা, তোমায় দেখিয়ে দেব, চলো তো ঐখানে।”

 

  টেনে নিয়ে গেল তাকে পুকুরপাড়ের কাছে,

  বেড়ার ‘পরে লতায় যেথা মাকা’ল ফ’লে আছে।

         বললে, “দাদা সত্যি বোলো,

         সোনার চেয়ে মন্দ হল?

  তুমি শেষে বলতে কি চাও, গাল ফলেছে গাছে।”

  “মাকা’ল আমি” ব’লে রাখাল দু হাত তুলে নাচে।

  দোয়াত কলম নিয়ে ছোটে, খেলতে নাহি চায়,

  লেখাপড়ায় মন দেখে মা অবাক হয়ে যায়।

         খাবার বেলায় অবশেষে

         দেখে ছেলের কাণ্ড এসে–

  মেঝের ‘পরে ঝুঁকে প’ড়ে খাতার পাতাটায়

  লাইন টেনে লিখছে শুধু– মাকা’লচন্দ্র রায়।

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত